https://newsbdc.com/national-capital/mvufeaerw0
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার প্রস্তাব করা হয়েছে।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে সামনের নম্বরপ্লেট সংযোজনের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ৯ ঘণ্টা আগে
বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো বিবেচ্যপত্র অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ বা ৫০ লাখ মোটরসাইকেল। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে স্বল্প সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজন করা কঠিন বলে বিবেচনায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেল চালক ও মালিকদের মতামত এবং আলোচনা সামনে এসেছে। এসব বিষয় বিবেচনা করেই সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন
৫ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৭ কর্মকর্তার একযোগে বদলি ১০ ঘণ্টা আগে
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই আরএফআইডি সংবলিত উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় সামনের দিকেও নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়।
সামনের নম্বরপ্লেটের আকার ও ধরন
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
সংবিধানের মূলনীতি ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হবে: ড. কামাল ১০ ঘণ্টা আগে
উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে।
নম্বরপ্লেটের ব্যাকগ্রাউন্ড সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে। বাংলা হরফ ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
স্কুটার ছাড়া সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরটি এক লাইনে সোজাসুজি বসানোর সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ১০ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজ দায়িত্বে নির্ধারিত শর্ত মেনে সামনের নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
তবে বর্তমান বাস্তবতা বিবেচনায় ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে মোটরসাইকেল মালিকেরা নম্বরপ্লেট লাগানোর জন্য অতিরিক্ত সময় পাবেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।