https://newsbdc.com/national/mvxlwidkyo
শ্রমিক বিক্ষোভে বন্ধ মেট্রোরেলের পাঁচ স্টেশন
রোববার সকাল থেকে মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, মিরপুর-১১ ও পল্লবীসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।
শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ৭ মিনিট আগে
এদিকে, আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর নিরাপত্তাজনিত কারণে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী—এই পাঁচটি স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন
রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত ১৬ মিনিট আগে
এমন পরিস্থিতির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানকে বোর্ডের প্রধান করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মজুরি বোর্ড দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে।
বোর্ড গঠনের মধ্য দিয়ে শ্রমিকদের একটি দাবি পূরণ হয়েছে উল্লেখ করে তাঁদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।