https://newsbdc.com/national/mv6gt75tk7
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি এলজিআরডি মন্ত্রীর আহ্বান
লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথভাবে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব প্রস্তাব দেন।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে
বৈঠকে দেশের ভবিষ্যৎ পানি নিরাপত্তার বিষয়টি তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের লবণাক্ত পানিকে পানের উপযোগী করে তুলতে ইউএইর সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন ড. আবদুল মঈন খান। তিনি বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ করা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউএইর প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ৯ ঘণ্টা আগে
বৈঠকের শুরুতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন মন্ত্রী।
এ সময় ইউএইর রাষ্ট্রদূত বলেন, দেশটির উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইউএইর শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ৯ ঘণ্টা আগে
এ ছাড়া ইউএই থেকে বাংলাদেশে আমদানি করা উন্নতমানের লাইমস্টোনের ওপর কর কমিয়ে আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানান আবদুল্লাহ আলী আলহামদি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন স্থানীয় সরকারমন্ত্রী।
বৈঠকে ইউএইর ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।