https://newsbdc.com/national/mv7wvphlr3
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা কাজ করেন।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, কারখানার সাততলা ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। ইনজেকশনসহ জরুরি ওষুধের অংশে আগুন লাগায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানানো হয়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। তবে ফায়ার সার্ভিসের একজন কর্মী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২-এর সাততলা ভবনে বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১১ ঘণ্টা আগে
খবর পেয়ে টঙ্গী, সাভার, গাজীপুর, আশুলিয়া ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে আগুন দেখতে পেয়ে কারখানার কর্মীরা নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১১ ঘণ্টা আগে
অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলের আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
কারখানাটির ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, প্রথমে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর সহায়তা নিতে হয়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।