https://newsbdc.com/national/mv9ibtil7v
সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি: নৌপরিবহনমন্ত্রী
বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহাজ নির্মাণ, মেরামত, পুনর্ব্যবহার ও সামুদ্রিক প্রযুক্তির আধুনিক সমাধান তুলে ধরতে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্র, নদী ও নৌপথে বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির প্রয়োগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ এগিয়ে চলছে। মেরিটাইম খাতের উন্নয়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ৯ ঘণ্টা আগে
শেখ রবিউল আলম বলেন, জাহাজ নির্মাণ, মেরামত ও পুনর্ব্যবহার, মৎস্য আহরণ এবং সমুদ্র থেকে তেল-গ্যাস অনুসন্ধানের মতো সম্ভাবনাময় খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করে এ খাতের সক্ষমতা বাড়াতে হবে।
মেরিটাইম খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে চায় ইইউ। এ ক্ষেত্রে সদস্যদেশগুলোর অর্থনৈতিক কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ৯ ঘণ্টা আগে
তিনি জানান, আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ইইউ-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ ফোরামের মাধ্যমে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
আরও পড়ুন
ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের ৯ ঘণ্টা আগে
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশের মেরিটাইম খাতের টেকসই উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী তাঁর দেশ। পরিবেশবান্ধব জাহাজ চলাচল, কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি এবং আধুনিক বন্দর উন্নয়নে দুই দেশের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামাত এলাহী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী এবং গ্রুপ নটিকার চেয়ারম্যান ক্যাপ্টেন শফিক ভূঁইয়া।
আরও পড়ুন
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত ৩৫ বাংলাদেশি ৯ ঘণ্টা আগে
সাত দেশের ২০০টির বেশি স্টল
আয়োজকেরা জানান, ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, মেরামত ও পুনর্ব্যবহার, মেরিন ইঞ্জিনিয়ারিং, অফশোর প্রযুক্তি, ড্রেজিং, বন্দর ও লজিস্টিকস খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে।
সাতটি দেশের ২০০টির বেশি স্টল নিয়ে আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।