https://newsbdc.com/national/mvewfinxyd
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই আমন্ত্রণ পেয়েও তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ১৩ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—দুটির লক্ষ্যই ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১৩ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল—কাউকেই আলাদা করে চেনে না।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।