https://newsbdc.com/national/mvjfdbz2v5
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতির ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে রেললাইন মেরামতের কাজ শেষে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। এরপর আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৬ জন ৯ ঘণ্টা আগে
এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে যান।
দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বসিলায় ৪০ ফিট খাল পরিষ্কার, অভিযানে অংশ নিলেন ৬০০ স্বেচ্ছাসেবক ১০ ঘণ্টা আগে
ট্রেন লাইনচ্যুতির সঠিক কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।
আরও পড়ুন
সাকের হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ, চিকিৎসক সাময়িক বরখাস্ত ১০ ঘণ্টা আগে
তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।