https://newsbdc.com/business-economy/mvdqmlvdks
বাংলাদেশের উন্নয়নে ৩৯০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা কানাডার
বাংলাদেশের চারটি উন্নয়ন উদ্যোগে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। কৃষি খাতে উদ্ভাবন, অর্থনৈতিক কাঠামোর সংস্কার, ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থায়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকায় কানাডীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফরকালে এ অনুদান ঘোষণা করেন।
আরও পড়ুন
বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ১৯ ঘণ্টা আগে
চারটি উদ্যোগের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার দেওয়া হবে। এর মাধ্যমে কানাডার কৃষি খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ বাড়িয়ে খাদ্যনিরাপত্তা জোরদারে সহায়তা করা হবে।
আরও পড়ুন
শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর ২২ ঘণ্টা আগে
কোওয়াটার ইন্টারন্যাশনালকে দেওয়া হবে আরও ১ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার। এ অর্থ নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে কাজে লাগানো হবে।
এ ছাড়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারে অগ্রাধিকারমূলক উদ্যোগ এগিয়ে নিতে বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডীয় ডলার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থায়নের সুযোগ ও বেসরকারি খাতের বিকাশে সহায়তার জন্য আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) ৪০ লাখ কানাডীয় ডলার দেওয়া হবে।
আরও পড়ুন
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ২৩ ঘণ্টা আগে
সফরকালে প্রতিমন্ত্রী রণদীপ সারাই প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্বও উঠে আসে।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতাল পরিদর্শন করেন। কানাডার সহায়তায় দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য গবেষণায় পরিচালিত কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত হন।
আরও পড়ুন
বিশ্ব অর্থনীতিতে ঋণের বোঝা, সুদ পরিশোধে বাড়ছে ব্যয় ২৩ ঘণ্টা আগে
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পরিস্থিতি সরেজমিনে দেখার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন সারাই। সেখানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
জ্বালানি তেলের আমদানিতে এলসি খোলা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ ২২ অক্টোবর ২০২৬
এ ছাড়া কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) একটি প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কৃষি গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কানাডীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটিকে ৬৩০ কোটি কানাডীয় ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে কানাডা। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়। নতুন অনুদান দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।