ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
অর্থনীতি

শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১: ৫১
শুল্কছাড়ের সুফল ভোক্তা পেয়েছে কি না, জানতে চায় এনবিআর
সংগৃহীত

নিত্যপণ্য, ওষুধ, তথ্যপ্রযুক্তি সামগ্রী ও পরিবেশবান্ধব গাড়িসহ বিভিন্ন পণ্যে শুল্ক-কর কমানোর সুফল সাধারণ ভোক্তারা পেয়েছেন কি না, তা জানতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে ১৮টি পণ্য ও পণ্যশ্রেণির বাজারদর বিশ্লেষণ করে প্রতিবেদন দিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমদানি ব্যয় কমানো, ভোক্তাদের কাছে সহনীয় দামে পণ্য পৌঁছে দেওয়া এবং বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন পণ্যে শুল্ক-করছাড় দেওয়া হয়। বাজেট ঘোষণার প্রায় চার মাস পর এসব সুবিধার বাস্তব প্রভাব পর্যালোচনার উদ্যোগ নিয়েছে এনবিআর।

চিঠিতে বলা হয়েছে, শুল্কের হার কমানো বা পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যে কতটা পরিবর্তন এসেছে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে যেসব পণ্যে শুল্কের পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট) বা সম্পূরক শুল্ক কমানো হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ভোক্তারা প্রকৃত সুবিধা পেয়েছেন কি না, তা যাচাই করতে হবে।

আরও পড়ুন

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ৫ ঘণ্টা আগে সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

পর্যালোচনার তালিকায় খাদ্যপণ্য, কৃষি উপকরণ, চিকিৎসাসামগ্রী, ওষুধশিল্পের কাঁচামাল, কম্পিউটার ও সংশ্লিষ্ট সরঞ্জাম, বৈদ্যুতিক গাড়ি, প্লাগইন হাইব্রিড গাড়ি, বস্ত্র এবং বৈদ্যুতিক তিন চাকার যানবাহন রয়েছে।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন সমকালকে বলেন, শুল্ক-কর কমানোর ফলে সরকার রাজস্ব হারালেও ভোক্তারা প্রত্যাশিত সুবিধা পাননি। তাঁর অভিযোগ, এতে আমদানিকারকেরা বেশি লাভবান হয়েছেন। বাজারে সুফল পৌঁছাতে শুধু শুল্ক কমানো যথেষ্ট নয়; প্রয়োজন কঠোর তদারকি।

আরও পড়ুন

ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন ১৪ ঘণ্টা আগে ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন

খেজুর ও মসলার দাম বেড়েছে

এবারের বাজেটে খেজুর ও ৪৫ ধরনের মসলায় নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। তবে রাজধানীর কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে সমকাল জানিয়েছে, মসলার দাম প্রায় আগের পর্যায়েই রয়েছে। কিছু পণ্যের দাম বরং বেড়েছে।

কারওয়ান বাজারের খেজুর ও ফল ব্যবসায়ী মামুনুর রশিদ জানান, গত দুই সপ্তাহে পাইকারি বাজারে খেজুরের দাম কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। একই বাজারের তুহিন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. রায়হান বলেন, মসলার দামও কিছুটা বেড়েছে। তাঁর দাবি, শুল্কছাড়ের সুবিধা ছোট ব্যবসায়ী ও ভোক্তাদের কাছে পৌঁছায় না।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে সাধারণ মানের খেজুরের দাম প্রায় ১৭ শতাংশ, আমদানি করা রসুনের ২১ শতাংশ, আদার ৫ শতাংশ, লবঙ্গের ৪ শতাংশ এবং তেজপাতার ২৫ শতাংশ বেড়েছে। তবে একই সময়ে জিরার দাম ১১ শতাংশ এবং এলাচের দাম প্রায় ১ শতাংশ কমেছে।

আরও পড়ুন

বাজারে কমেছে সবজি ও ডিমের দাম ২৩ অক্টোবর ২০২৬ বাজারে কমেছে সবজি ও ডিমের দাম

ওষুধেও দামের পরিবর্তন নেই

বাজেটে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ মূসক ও ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ওষুধশিল্পের নতুন কিছু কাঁচামালে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। ক্যানসারের ওষুধ তৈরিতে ব্যবহৃত নয়টি কাঁচামালে শুল্ক-কর অব্যাহতি এবং সক্রিয় ওষুধের উপাদান বা এপিআই উৎপাদনে ব্যবহৃত ৫৩টি কাঁচামালে সুবিধা দেওয়া হয়েছে। ওষুধশিল্পে ব্যবহৃত বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেটের শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

তবে কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে সমকাল জানিয়েছে, প্রায় সব ওষুধই আগের দামে বিক্রি হচ্ছে। তেজগাঁও এলাকার একটি ফার্মেসির মালিকের ভাষ্য, উৎপাদন খরচ বৃদ্ধির কথা জানিয়ে কিছু কোম্পানি ওষুধের সরবরাহ কমিয়েছে। দাম বাড়িয়ে এসব ওষুধ আবার বাজারে আনার কথা কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ২৩ অক্টোবর ২০২৬ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা

প্রযুক্তিপণ্য ও গাড়িতেও শুল্কছাড়

বাজেটে ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মনিটর ও সার্ভারের ক্ষেত্রে শুল্ক ও মূসক শূন্য শতাংশ করা হয়েছে। তবে এসব পণ্যে ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর এবং ২ শতাংশ অগ্রিম আয়কর রাখা হয়েছে।

পয়েন্ট অব সেলস (পস) মেশিনের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বৈদ্যুতিক গাড়ির চার্জার বা চার্জিং স্টেশনে শুল্ক ও আগাম কর শূন্য করা হয়েছে। ফ্ল্যাশ মেমোরি কার্ডসহ রেকর্ডবিহীন মিডিয়ার কাস্টমস শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শ্রেণির প্লাগইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির শুল্ক কমানো হয়েছে। ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত পেট্রোল ইঞ্জিনের প্লাগইন হাইব্রিড গাড়িতে রেগুলেটরি শুল্ক ৩ শতাংশ থেকে শূন্য এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ১ হাজার ৮০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়িতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ব অর্থনীতিতে ঋণের বোঝা, সুদ পরিশোধে বাড়ছে ব্যয় ২৩ অক্টোবর ২০২৬ বিশ্ব অর্থনীতিতে ঋণের বোঝা, সুদ পরিশোধে বাড়ছে ব্যয়

২৫ হাজার ডলার পর্যন্ত মূল্যের বৈদ্যুতিক গাড়িতে রেগুলেটরি শুল্ক ২০ শতাংশ থেকে শূন্য করা হয়েছে। ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার মূল্যের গাড়িতে এ শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

শুল্ক-করছাড়ের পরও বাজারে পণ্যের দাম প্রত্যাশিত হারে কমেছে কি না, তা এনবিআরের পর্যালোচনায় স্পষ্ট হবে। এর মাধ্যমে করছাড়ের সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছানোর বাস্তব চিত্র পাওয়া যেতে পারে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন