https://newsbdc.com/sara-desh/mvmq2omlhs
যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক
কার্যক্রম নিষিদ্ধ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের কাজীপাড়ার পুরাতন কসবা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ১২ ঘণ্টা আগে
রাতে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল। তিনি জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে বাঘারপাড়ার ভাটারআমতলায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাঘারপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক খোকন লস্কর। মামলার এজাহারে দিলু পাটোয়ারীকে পাঁচ নম্বর আসামি করা হয়।
আরও পড়ুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ১৪ ঘণ্টা আগে
দিলু পাটোয়ারী যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত গোলাম মাওলা পাটোয়ারীর মেজ ছেলে। ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
এরপর ২০২০ সালে বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দিলু পাটোয়ারী। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।