https://newsbdc.com/sara-desh/mvkij1yb1w
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের নিয়মিত টহলের সময় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১৩ ঘণ্টা আগে
নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়।
আরও পড়ুন
চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ১৬ ঘণ্টা আগে
পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ১৬ ঘণ্টা আগে
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পুলিশের নিয়মিত টহলের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত জাবেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন এবং রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।