https://newsbdc.com/sara-desh/mvj86dcrbw
সাজেকে গোলাগুলি, নিরাপদে ফিরছেন পর্যটকেরা
রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, নিরাপত্তা বাহিনী সড়কের ব্যারিকেড সরাতে গেলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে গোলাগুলি শুরু হয়।
আরও পড়ুন
যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক ৬ ঘণ্টা আগে
বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, প্রায় তিন হাজার পর্যটককে নিয়ে যাওয়া গাড়ির বহর উজোবাজারে অবরোধের মুখে পড়ে। পরে নিরাপত্তা বাহিনী অবরোধকারীদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, পর্যটকেরা এলাকা ছাড়ার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয়।
তিন দফা দাবিতে তৃতীয়বারের মতো বাঘাইছড়ি-সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। নিরাপত্তার কারণ দেখিয়ে সাজেকে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ১৮ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, আঞ্চলিক দুই রাজনৈতিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ অবরোধের ঘটনা ঘটেছে। তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ বিষয়ে ভিন্ন অভিযোগ তুলে ঘটনাটিকে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে জানতে রাঙামাটি জেলা পুলিশ ও সাজেক থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ২০ ঘণ্টা আগে
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।