https://newsbdc.com/national-district/mwfz5zj0f6
মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, মাস্টার মোশারফকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তাঁদের এ সিদ্ধান্তের ফলে নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ৩০ মিনিট আগে
শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এমবি আলী আকবর নামের একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ফেরি কাকলীর ধাক্কা লাগে। এ সময় শিক্ষা সফরে যাওয়া ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হয়। এ ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেফতার করে চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি।
মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সূত্রের দাবি, নিহত শিক্ষার্থীর বাবা ও স্বজনরা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাঁদের মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরনকেও তাঁরা অবহিত করেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টার মোশারফকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি অসুস্থ থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন বলেও জানান আব্দুর রব।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৭ মিনিট আগে
ফেরি ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে।
এ বিষয়ে জানতে আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।