https://newsbdc.com/national/mvywp5rs3n
জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান পোশাকশ্রমিক নেতারা
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে কোনো ধরনের বিলম্ব না করে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে দ্রুত মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে সারারাত বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানোর প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
আরও পড়ুন
হাইতিতে ৫২৫ পুলিশ সদস্য পাঠানোর উদ্যোগ, জাতিসংঘ মিশনে বাড়ছে বাংলাদেশের অংশগ্রহণ ৪ মিনিট আগে
সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।
তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে চলতি বছরের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা যেন তা হাতে পান, সেটিই তাঁদের প্রত্যাশা।
বাবুল আক্তার বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না—এ ধরনের অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া চলবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালাতে হবে। প্রয়োজনে সারারাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ৮ মিনিট আগে
মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী ১৯ মিনিট আগে
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আক্তার বলেন, কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান।
আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তাঁরা চেষ্টা করবেন। সোমবার অথবা মঙ্গলবার শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
ষষ্ঠ দিনেও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দুষ্কৃতিকারী ও শ্রমিকদের সংঘর্ষ ১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।