https://newsbdc.com/national/mw31uccu0m
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আরও পড়ুন
শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, সাবেক মন্ত্রী-এমপিদের সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের ৭ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফরকালে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে সরাসরি রেল সংযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। এতে ঢাকার কমলাপুর আইসিডি থেকে কনটেইনারবাহী ট্রেন সরাসরি মোংলা বন্দরে পৌঁছাতে পারবে। ফলে পণ্য পরিবহনের সময় ও খরচ কমার পাশাপাশি বন্দর ব্যবহারে দেশি-বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ বাড়তে পারে।
নির্মিত হবে দুটি আধুনিক কনটেইনার জেটি
আরও পড়ুন
একদিনের সফরে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ মিনিট আগে
প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০ ও ১১ নম্বর দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। এগুলোর মাধ্যমে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।
এ ছাড়া ৮৭ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের লোডেড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার আয়তনের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটার আয়তনের বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে।
আরও পড়ুন
তৌফিকের পরিবারের পাশে সরকার, সব ধরনের সহযোগিতার আশ্বাস ১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে চীন সরকার এক্সিম ব্যাংক অব চায়নার মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সফট লোন সহায়তা দিচ্ছে। প্রকল্পের ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)।
চলতি বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে সিআইডিসিএ ও ইআরডির মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর এক্সিম ব্যাংক অব চায়নার সঙ্গে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন
১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি
মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর দরগাহে গিয়ে মাজার জিয়ারত করবেন। এরপর খুলনায় গিয়ে সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতি করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের দ্বিতীয় পর্ব উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এ টি এম আকরাম হোসেন তালিম জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও সফর ঘিরে আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১০ ঘণ্টা আগে
অন্যদিকে, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। পাশাপাশি দেশের সামুদ্রিক বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।