https://newsbdc.com/national/mwgfzw6886
সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি-হয়রানিতে ছাড় নয়, আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী
নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ৪ ঘণ্টা আগে
আইনমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটিকে দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ অবদানের তুলনায় অধিদপ্তরটি অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তার পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪ ঘণ্টা আগে
নিবন্ধন অধিদপ্তর সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনো কোনো সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মানুষকে হয়রানির শিকার হতে হয়। এ ধরনের ঘটনা পুরো অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা অযোগ্যতা বা দুর্নীতির কারণে মানুষ ভোগান্তিতে পড়লে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।
দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিবন্ধন অধিদপ্তরকে হয়রানিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনার ব্যবস্থা করা হবে। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন
ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর ৪ ঘণ্টা আগে
লটারির মাধ্যমে বদলি কার্যক্রম আরও সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে এ ব্যবস্থা বিস্তৃত করা হবে। এর মাধ্যমে অধিদপ্তরের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সরকারি কর্মকর্তা হিসেবে তাদের দায়িত্ব হলো প্রজাতন্ত্রের প্রতি অগাধ আস্থা এবং আইনের প্রতি অবিচল বিশ্বাস রেখে দায়িত্ব পালন করা। কোনো কর্মকর্তা সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা মেনে নেবে না।
আরও পড়ুন
শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম ৪ ঘণ্টা আগে
আইনমন্ত্রী আরও বলেন, নিবন্ধন অধিদপ্তরের কোনো আইন বা বিধি সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে পারবেন। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক মনে হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। অধিদপ্তরের উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ৫ ঘণ্টা আগে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেমুল কায়েস ও এস. এম. এরশাদুল আলম এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।