https://newsbdc.com/national/mwolax48yb
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সাড়া নেই, স্বাভাবিক ছিল জনজীবন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় সাধারণ মানুষের সাড়া মেলেনি। যানবাহন চলাচল, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক। তবে গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এসব নাশকতা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা বাড়ানো হয়েছে।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ অনুসারীরা লকডাউন কর্মসূচির পক্ষে প্রচারণা চালান। দলটির নেতাকর্মীরা রাজপথে নামবেন এবং কর্মসূচি সফল হবে—এমন প্রচারও ছিল। তবে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। বরং বৃষ্টির মধ্যেও স্বাভাবিক কর্মব্যস্ততায় দিন কাটিয়েছেন নগরবাসী।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ৩২ মিনিট আগে
যাত্রাবাড়ী, শনিরআখড়া, বাংলাবাজার, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোথাও কোথাও যানজটও দেখা গেছে। সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলেছে অন্যান্য দিনের মতোই। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে গেছেন মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে সকালে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। অন্যান্য দিনের মতোই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছে তাঁদের। আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বাস কোম্পানিগুলোর শ্রমিকেরাও জানান, লকডাউন উপলক্ষে বাস বন্ধ রাখার কোনো নির্দেশনা পাননি। জীবিকার তাগিদে ভোরেই তাঁরা বাস নিয়ে সড়কে নেমেছেন।
পুলিশের একাধিক সূত্র জানায়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিল। রাজধানীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৯ মিনিট আগে
তবে গোপালগঞ্জে পরিস্থিতি ছিল ভিন্ন। সেখানে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘোনাপাড়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক সড়ক ও মহাসড়কে গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ঢাকাণ্ডবরিশাল ও ঢাকাণ্ডখুলনা মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলাতেও সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ঢাকার মিরপুর-১০ এলাকাসহ কয়েকটি স্থানে অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটে।
প্রতিবেদনটিতে আওয়ামী লীগ-অনুগত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীদের বরাতে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৮টি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত চারজন নিহত হন। এ সময় বাস, পুলিশের স্থাপনা, বিএনপি কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা বাড়িয়েছে। সরকার দেশের কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করেছে। বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর ৫৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়। লালমনিরহাটের জনসভায়ও প্রধানমন্ত্রী সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ, সমাবেশ, মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন। কোথাও কোথাও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন।
রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমায় দুটি বাস পুড়ে গেছে। চারঘাটে রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর ঘটনায় একটি মেইল ট্রেন ৩০ মিনিট আটকে ছিল। ভেড়িপাড়ায় ককটেল বিস্ফোরণ এবং বাঘায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষায় দেশের মানুষ: মীর শাহে আলম ৫৯ মিনিট আগে
বগুড়ায় মহাসড়ক ও আঞ্চলিক পথে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে শাজাহানপুরে এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কক্সবাজারে নাশকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন হয়।
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিল। চৌদ্দগ্রামে আগের রাতে গাছ ফেলে অবরোধের চেষ্টা দ্রুত সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার চেষ্টার অভিযোগে টায়ার ও পেট্রোলসহ পাঁচজনসহ মোট নয়জনকে আটক করা হয়। লাকসামেও লকডাউনের কোনো প্রভাব পড়েনি। বরগুনায় বিচ্ছিন্ন কিছু তৎপরতা ও মশাল মিছিলের চেষ্টা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক ছিল। সেখানে নাশকতার মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক আশরাফ আলী (৫৮) নিহত হয়েছেন। তাঁর ভাই এ হত্যাকাণ্ডে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন। নোয়াখালীর ইসলামগঞ্জ বাজার থেকে দেশীয় শটগানসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহীম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও শোডাউন হয়েছে। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর, কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের মতলব উত্তর, বগুড়ার শেরপুর এবং চট্টগ্রামের ফটিকছড়িতে এসব কর্মসূচি পালন করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত দুই বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছেন। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা ছিল। তবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় জনজীবন স্বাভাবিক থাকায় কর্মসূচিটি প্রত্যাশিত সাড়া পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।