https://newsbdc.com/sports-cricket/mv96fo7y3o
রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করে।
আরও পড়ুন
ফিটনেস ও পারফরম্যান্স ভালো হলেই বিশ্বকাপে রোহিত-কোহলি ১৩ অক্টোবর ২০২৬
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা পেশাদার অপরাধী। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি পুলিশ সুপার। এ ঘটনায় মামলা করা হবে এবং পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা জেলা ডিবি কার্যালয়ে যান। সেখানে আটক পাঁচজনকে দেখেন তাঁরা। তাঁর দাবি, আটক ব্যক্তিদের কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা পোশাক পরেছিলেন, আবার কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।
মোজাদ্দেদ জামানী সুমন আরও জানান, ক্রিকেটারদের লাগেজে থাকা প্রায় সব মালামাল পাওয়া গেছে। তবে একজন ক্রিকেটারের লাগেজে থাকা তিন লাখ টাকা উদ্ধার করা যায়নি। ওই টাকা উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে ডিবির পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে।
আরও পড়ুন
টেস্টে ৪৫০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক ২২ অক্টোবর ২০২৬
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে বুধবার সকালে আকাশপথে ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ বিসিবির একটি কাভার্ড ভ্যানে করে ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল।
বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ কাজ শুরু করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।