https://newsbdc.com/sports/mvdq5zx0oh
বিমানবন্দরে ইনফান্তিনোর সঙ্গে বাফুফের ঘণ্টাব্যাপী বৈঠক
ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং চার সহ-সভাপতি।
রোববার (১৮ অক্টোবর) বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের বিষয়গুলো ফিফা সভাপতির কাছে তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।
আরও পড়ুন
পুনর্নির্বাচনের লড়াইয়ে ইনফান্তিনোর পাশে এশীয় ফুটবল ১৬ ঘণ্টা আগে
বাফুফের সহ-সভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, বৈঠকে তাঁরা বাংলাদেশের ফুটবলের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ সময় কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টিও ইনফান্তিনোকে অবহিত করা হয়।
প্রয়োজনে বাংলাদেশের ফুটবলের জন্য ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি বলে জানান ওয়াহিদ উদ্দিন চৌধুরী।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ২০ ঘণ্টা আগে
বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে রোববার দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়েন ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থান করার কথা রয়েছে তাঁর। আগামী ২০ অক্টোবর ফেরার পথেও বাংলাদেশে যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। তবে ওই সময় বাফুফের কর্মকর্তারা জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নিতে থাকবেন।
এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।