https://newsbdc.com/international-asia/mvklehaktz
চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বাতিল ৯০০-র বেশি ফ্লাইট
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। তাইওয়ান, জাপান ও ফিলিপাইনে ঝড়ের প্রভাবে প্রাণহানি, আহত হওয়া, বিদ্যুৎবিচ্ছিন্নতা এবং যোগাযোগব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় তাইওয়ান ও জাপানে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, অফিস ও বিভিন্ন সড়ক।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ১২ ঘণ্টা আগে
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের আঘাতে তাইওয়ানের লিউকিউ দ্বীপে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৪ জন।
ঝড়ের কারণে তাইওয়ানের ২২টি কাউন্টি ও শহরের প্রায় সবকটিতে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে দেশটির শেয়ারবাজারের লেনদেনও। শুক্রবার দেশটিতে ২৬২টি অভ্যন্তরীণ ও ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ট্রেন চলাচলের সময়সূচি স্থগিত করার পাশাপাশি বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ১৫ দাতার অনুদান ১৮ হাজার কোটি টাকা, শীর্ষে ইলন মাস্ক ১৩ ঘণ্টা আগে
জাপানেও ঝড়ের প্রভাবে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সসহ চারটি প্রধান বিমান সংস্থার ১৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অন্তত ১১ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। ওকিনাওয়া অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাড়ে তিন হাজারের বেশি পরিবার।
ঝড় ও এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ঝোড়ো হাওয়া, পাহাড়ধস ও বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন তিনি।
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপেও প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় চাম্পির প্রভাবে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। দেশটিতে ঝড়ের বিষয়ে নীল সতর্কসংকেত দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে জারি করা হয়েছে কমলা সতর্কসংকেত।
আরও পড়ুন
রোগীদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের ১৬ ঘণ্টা আগে
তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই এবং দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লু কুও-চেন জনগণকে সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, তাইওয়ানের হুয়ালিয়েনের ওয়ানলি ক্রিক এলাকায় ভূমিধসের কারণে তৈরি হওয়া বাঁধে বিপুল পরিমাণ পানি জমে থাকার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন দেশটির জাতীয় ফায়ার এজেন্সির কর্মকর্তা চিয়াং চি-চিয়াং। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই বাঁধে প্রায় ৫০ লাখ মেট্রিক টন পানি জমে রয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
আরও পড়ুন
সৌদির দিকে ধেয়ে যাওয়া ১২ ড্রোন-ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস ১৭ ঘণ্টা আগে
আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। চাম্পির প্রভাবে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।