https://newsbdc.com/national/mwk8mgpp6l
মেধাবীদের দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
তিনি বলেছেন, এমন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিটি তরুণ কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বপ্ন দেখতে ও প্রতিযোগিতা করতে পারবে। সমতা, ন্যায্যতা ও সুবিচারের ভিত্তিতে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রাউন প্লাজা অডিটোরিয়ামে ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ১৯ মিনিট আগে
দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বৈজ্ঞানিক পরিবর্তন ও বৈশ্বিক পরিস্থিতি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলছে। এ সময়ে একাডেমিক উৎকর্ষ গুরুত্বপূর্ণ হলেও কেবল প্রাতিষ্ঠানিক সাফল্য বা ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ থাকলে চলবে না।
তিনি এমন তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, প্রচলিত ধারাকে প্রশ্ন করতে জানে এবং জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম। উদ্ভাবক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও গবেষক হওয়ার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান ৮ ঘণ্টা আগে
মাহদী আমিন বলেন, শুধু বর্তমান বিশ্বে সফল হওয়ার স্বপ্ন দেখলে হবে না; নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে আগামীর পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বিশ্বে প্রতিযোগিতা করার পাশাপাশি বিশ্বকে কিছু দেওয়া, নেতৃত্ব দেওয়া এবং পৃথিবীকে আরও সুন্দর করার জন্য তরুণদের প্রস্তুত হতে হবে। সরকার তাদের সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাংলাদেশের সম্ভাবনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। তবে শুধু সম্ভাবনা দিয়ে জাতি গড়ে ওঠে না, মানুষই জাতি গঠন করে। তরুণদের জ্ঞান, সৃজনশীলতা ও দৃঢ় সংকল্প জাতীয় স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।
তরুণদের বিশ্বনাগরিক হয়ে ওঠার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, বিশ্ব থেকে শিখতে হবে, আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। তবে একই সঙ্গে নিজ দেশ, শেকড় ও দেশের মানুষের সঙ্গে দায়বদ্ধতার সম্পর্ক অটুট রাখতে হবে।
আরও পড়ুন
পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা ৮ ঘণ্টা আগে
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ যেমন বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তেমনি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোতেও বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের সমৃদ্ধ করে বাংলাদেশের গর্বিত প্রতিনিধি হওয়ার আহ্বান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মাহদী আমিন বলেন, ভালো ফলাফলের গণ্ডিতে আটকে না থেকে সমাজ ও পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। কোনো পুরস্কার বা স্বীকৃতি যাত্রার শেষ নয়; বরং এটি সম্মিলিত দায়িত্ববোধ নিয়ে নতুন পথচলার সূচনা।
আরও পড়ুন
মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার প্রমাণ। তবে ভবিষ্যতে তারা কতদূর এগোবেন, তা নির্ভর করবে তাদের উচ্চাকাঙ্ক্ষা ও কর্মপরিকল্পনার ওপর। অর্জন উদযাপনের পাশাপাশি নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ অব্যাহত রাখতে হবে।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে নোবেল বিজয়ী, শীর্ষস্থানীয় বিজ্ঞানী, বিশ্বমানের প্রকৌশলী, উদ্ভাবনী উদ্যোক্তা ও চিন্তাবিদ তৈরি হবেন। তারা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এমন প্রযুক্তি ও প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যা মানবজাতির জীবনধারায় পরিবর্তন আনবে।
আরও পড়ুন
নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন ৯ ঘণ্টা আগে
অনুষ্ঠানে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ অঞ্চলের কান্ট্রি লিড সারওয়াত রেজা বক্তব্য দেন। এ ছাড়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট কাউন্সেলর ও ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক বিনয় শর্মা এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের আঞ্চলিক ব্যবস্থাপক শামীম চৌধুরী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।