https://newsbdc.com/national/mwlvwipnpg
আধুনিক জ্ঞান ও দক্ষতায় শক্তিশালী করতে হবে স্বাস্থ্যব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ’-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ২৯ মিনিট আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসকদের দক্ষতা, জ্ঞান এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার বর্তমান স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে সহায়ক হবে।
‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’ প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ৪৬ মিনিট আগে
সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সংসদ সদস্য মাহমুদা হাবিবা।
অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
আরও পড়ুন
ফসলের অপচয় কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান পরিবেশমন্ত্রীর ৫২ মিনিট আগে
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে গবেষণার সক্ষমতা বাড়ানো, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসানীতিতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই সম্মেলনের মূল লক্ষ্য।
সম্মেলনে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।