https://newsbdc.com/national/mwlw0646ft
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার
প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ লক্ষ্য অর্জনে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন’-এর অঙ্গীকার ঘোষণা পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান ৪৯ মিনিট আগে
সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন মন্ত্রী। তিনি জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। এতে শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।
সাতটি অগ্রাধিকার তুলে ধরে মন্ত্রী বলেন, প্রথমত, শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ব্যবস্থা এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা হবে।
আরও পড়ুন
ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ১ ঘণ্টা আগে
দ্বিতীয়ত, সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের সুরক্ষা দিতে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।
তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে প্রতিরোধমূলক ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ (Learning with Happiness) রূপকল্প বাস্তবায়নেও অগ্রগতি হবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে
চতুর্থত, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বাড়ানোর পাশাপাশি শিশু সুরক্ষা ও সহায়তা সেবা আরও শক্তিশালী করা হবে।
পঞ্চমত, অনলাইনে সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জরুরি অবস্থা ও ডিজিটাল পরিসরে শিশুদের সুরক্ষা জোরদার করা হবে।
আরও পড়ুন
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আসছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস ২ ঘণ্টা আগে
ষষ্ঠত, অগ্রগতি ও ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য শিশু সুরক্ষাবিষয়ক তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহির কাঠামো শক্তিশালী করা হবে।
সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে—এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর ২ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।
উল্লেখ্য, বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ফিলিপাইনের ম্যানিলায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।