https://newsbdc.com/politics/mvrsxwpiu0
বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি খাত ও প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না।
বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাব্যতা এবং লাইফলাইন গ্রাহকদের নিয়ে পরিচালিত সমীক্ষার ফলাফল ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৯ ঘণ্টা আগে
বিদ্যুৎ সুবিধা নিয়ে প্রশ্ন
রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুতায়নের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার দরিদ্র অনেক পরিবার একসঙ্গে বিদ্যুৎ ব্যবহার করে। ফলে শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।
তিনি বলেন, দারিদ্র্য নিরূপণে বিদ্যুৎ ব্যবহারের তথ্য বিশ্লেষণের সময় বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। গবেষণার মাধ্যমে নতুন ধারণা ও প্রশ্ন উঠে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য ধরে না নিয়ে তা যাচাই-বাছাই করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
সরকারি হাসপাতালের পাশে ক্লিনিকের অনুমোদন ফ্যাসিস্ট আমলে: স্বাস্থ্যমন্ত্রী ১৯ ঘণ্টা আগে
সৌরবিদ্যুতে বিনিয়োগের সম্ভাবনা
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ রয়েছে।
তিনি বলেন, নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ১৯ ঘণ্টা আগে
জ্বালানি সংকট মোকাবিলার আশা
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে উল্লেখ করে রিজভী বলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে হতাশ না হয়ে সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দেশ এগিয়ে যাবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।