https://newsbdc.com/education-study/mw7k68rm8q
প্রাথমিক শিক্ষায় আসছে নতুন কারিকুলাম, গুরুত্ব পাবে খেলাধুলা
শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদা বিবেচনায় নিয়ে ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা করছে সরকার। শিখনফলভিত্তিক, আনন্দময় ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এ পরিকল্পনার কথা জানান।
এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণ, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন
ডিসেম্বরের ছুটিতে দীর্ঘ বিরতি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা ৫ ঘণ্টা আগে
নতুন কারিকুলাম প্রণয়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে বিদ্যালয়ভেদে শিখন ঘণ্টার বৈষম্য দূর করা এবং প্রতিটি বিষয়ের পাঠদান ও শিখন উপকরণকে আরও বিজ্ঞানসম্মত, সহজবোধ্য ও বয়সোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে খেলতে খেলতে পড়াশোনা করতে পারে, সে ধরনের আনন্দময় পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষণীয় খেলনা ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে পাঠদানকে সহজ ও আকর্ষণীয় করা হবে।
এ ছাড়া বাংলা, গণিত ও ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট, ব্যবহারিক শিখন, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হবে।
আরও পড়ুন
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করতে দেশব্যাপী মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে। বাকি উপজেলাগুলোতে কর্মসূচি সম্প্রসারণে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যেই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য দুপুরের পুষ্টিকর খাবার নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
খাবারের মান ও বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে মায়েদের সমন্বয়ে গঠিত ‘মাদার্স কমিটি’ তদারকি করছে। পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত নজরদারির মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও ‘স্মার্ট ক্লাসরুম’ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ।
তিনি বলেন, এটি শুধু শিক্ষকদের হাতে ডিভাইস তুলে দেওয়ার প্রকল্প নয়। গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
শিক্ষকদের হাতে ট্যাব তুলে দেওয়ার মাধ্যমে একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর সাহায্যে শ্রেণিকক্ষে পাঠ্যসূচি কতটুকু শেষ হয়েছে, কোথায় শিক্ষার্থীরা বুঝতে সমস্যায় পড়ছে এবং কোন বিষয়ে বাড়তি সহায়তা প্রয়োজন—তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ ছাড়া দুর্গম এলাকার যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সৌরবিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে প্রকৃত অর্থে শিখছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা শিশুদের উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।