https://newsbdc.com/education/mwou1rrr96
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর
ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। কলেজটির জন্য দুটি ১০ তলা একাডেমিক ভবন, দুটি ১০ তলা ছাত্রাবাস ও একটি মাল্টিপারপাস হল নির্মাণসহ বিভিন্ন দাবি পূরণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু গত ২০ বছরে কলেজটির উন্নয়নে কী কাজ হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েই প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলে উন্নয়নকাজের বিষয়ে জানতে চান তিনি। প্রধান প্রকৌশলী তাঁকে জানিয়েছেন, কলেজটির জন্য উল্লেখযোগ্য কোনো কাজ করা হয়নি।
শিক্ষামন্ত্রী জানান, সাবেক শিক্ষার্থীরা কলেজের উন্নয়নে একটি নকশা দিয়েছেন, যা দুটি হল নির্মাণের প্রস্তাব হিসেবে তাঁর মন্ত্রণালয়ে এসেছে। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ১০ তলা একাডেমিক ভবন, দুটি ১০ তলা ছাত্রাবাস এবং একটি মাল্টিপারপাস হল নির্মাণ।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
শিক্ষকসংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে অন্তত তিনজন শিক্ষক নিয়োগ এবং ইংরেজি ও সমাজবিজ্ঞান বিভাগে তিনজন করে শিক্ষক দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গ্যালারিগুলোর বিদ্যমান অবকাঠামো অক্ষুণ্ন রেখে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া পুরোনো ভবন ও ছাত্রাবাসের নিরাপত্তাঝুঁকি নিরসন, ঝুঁকিপূর্ণ স্থাপনা মেরামত, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টয়লেট, বিদ্যুৎ, অগ্নিনিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়গুলোও কলেজের দাবির মধ্যে রয়েছে।
শিক্ষা খাতে বাজেট বরাদ্দের প্রসঙ্গে ইহসানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এ কারণে এবার মোট বাজেটের ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। আগের বছর এ বরাদ্দ ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। তবে আগের বরাদ্দের হিসাবের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেটও যুক্ত ছিল বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানোর চেষ্টা চলছে। ঢাকা কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করা হয়নি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও কোনো তদবির বা হস্তক্ষেপ করা হয়নি।
ঢাকা কলেজের শিক্ষার মান উন্নয়নে আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা কলেজ নয়, ঢাকা শহরের বৃহত্তর আটটি কলেজকে নিয়েও পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানকে কীভাবে আরও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
আরও পড়ুন
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি দেবে সরকার, যেসব শর্ত মানতে হবে ২০ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি এ কলেজে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতাও করেছেন। তাই ঢাকা কলেজকে কীভাবে গড়ে তুলতে চান, সে বিষয়ে তিনি তাঁর পরামর্শ দেবেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়।
ইহসানুল হক মিলন বলেন, বাজেটের তেমন কোনো অভাব নেই। প্রয়োজন শুধু সদিচ্ছা বাস্তবায়নে সচেষ্ট হওয়া। ‘দেওয়ার পালা শেষ, এবার নেওয়ার পালা’ বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আগামী প্রজন্মই বাংলাদেশ গড়ে তুলবে। এ জন্য শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার পরিবেশ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। নিয়মিত পড়াশোনা, পরীক্ষায় অংশগ্রহণ ও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর ১৯ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী ঢাকা কলেজকে আবারও দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী অবস্থানে দেখতে চান তাঁরা। বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে এবং তাঁরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।