https://newsbdc.com/sara-desh/mwt26vaz83
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারটির বাইরের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বেরিয়ে এসেছে।
উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ওই পিলারের ওপর দিয়ে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় ৩৪ নম্বর পিলারসংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পিলারসংলগ্ন জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একটি একতলা বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়।
পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে সংস্কারের উদ্যোগ নেয়। এ ছাড়া আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একতলা মার্কেটের একটি জুতা তৈরির দোকান রয়েছে। সেখানে তৈরি করা প্লাস্টিকের স্যান্ডেল ও উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল।
আরও পড়ুন
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
তাঁর ধারণা, রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের উচ্ছিষ্ট থেকে ওই প্লাস্টিকের বস্তায় আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে এবং পিলারের ওপরের অংশেও আছড়ে পড়ে।
পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে উত্তাপের মাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে এখানে আগুনের তীব্রতা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তাঁর মতে, অতিরিক্ত তাপমাত্রার কারণেই কংক্রিটের পিলারের প্লাস্টার খসে রড বেরিয়ে এসেছে।
আরও পড়ুন
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। কালের কণ্ঠকে তিনি বলেন, স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠকের কথা জানতে পেরেছেন তাঁরা। রাস্তায় দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে তাঁর সন্দেহ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কারকাজ করছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।