https://newsbdc.com/business-world-trade/mwt2423sb2
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন
বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে চীন। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এ নিয়ে টানা কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে দেশটি।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে খনি থেকে প্রায় ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। এর মধ্যে চীন একাই উৎপাদন করেছে ৩৮৪ দশমিক ৩ টন, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ। চীনের পরেই রয়েছে রাশিয়া। ২০২৫ সালে দেশটিতে প্রায় ৩৪২ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
তবে উৎপাদনে শীর্ষে থাকলেও ২০২৬ সালে চীনের স্বর্ণ উৎপাদনে কিছুটা কমতি দেখা গেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের ৪ নভেম্বর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে দেশীয় কাঁচামাল থেকে ২২০ দশমিক ৯৩৫ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ উৎপাদন কমেছে ১৮ দশমিক ৭১ শতাংশ।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে, আমদানি করা কাঁচামাল থেকে উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক ০৫৫ টন স্বর্ণ। সব মিলিয়ে দেশীয় ও আমদানি করা কাঁচামাল থেকে চীনে উৎপাদিত স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এ উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, খনিগুলোতে নিরাপত্তা তদারকি জোরদার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে পরিদর্শন ও সংস্কারকাজের জন্য উৎপাদন বন্ধ থাকায় দেশীয় কাঁচামাল থেকে স্বর্ণ উৎপাদন কমেছে। তবে বিদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর খনি থেকে উৎপাদন বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে বিদেশের খনিগুলো থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর স্বর্ণ উৎপাদন হয়েছে ৭১ দশমিক ১২৬ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৭৭ শতাংশ বেশি।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
উৎপাদনের পাশাপাশি স্বর্ণের বড় ক্রেতাও চীন। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহার হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ ব্যবহার বেড়েছে শূন্য দশমিক ২৮ শতাংশ।
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
তবে গয়নার তুলনায় বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। এ সময়ে গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন স্বর্ণ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম। অন্যদিকে, স্বর্ণের বার ও কয়েন কেনায় ব্যবহার হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ। শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন স্বর্ণ।
চীনের স্বর্ণবাজারের এ পরিবর্তন থেকে বোঝা যায়, উচ্চ দামের মধ্যেও দেশটির মানুষের মধ্যে বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার আগ্রহ রয়েছে। তবে স্বর্ণের দামের ওঠানামায় বাজারে ঝুঁকিও বাড়ছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।