https://newsbdc.com/business-world-trade/mwnsz4ctai
রাজস্ব ও ভর্তুকি সংস্কার হলে প্রবৃদ্ধি হতে পারে ৫.৭ শতাংশ: বিশ্বব্যাংক
রাজস্ব আদায় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার আনতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। একই সঙ্গে ২০৩৫ অর্থবছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে রাজস্ব আয় বর্তমান ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে এ লক্ষ্য অর্জনে দ্রুত ও ধারাবাহিক আর্থিক সংস্কারের ওপর জোর দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেশের রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ব্যয়, জ্বালানি খাতের ভর্তুকি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল রাজস্ব আহরণ, পরিচালন ব্যয়ের চাপ এবং জ্বালানি খাতের ক্রমবর্ধমান আর্থিক দায় দেশের উন্নয়ন সক্ষমতাকে সীমিত করছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৩ মিনিট আগে
বিশ্বব্যাংকের মতে, রাজস্ব আহরণ বাড়ানো, সরকারি ব্যয়ের গুণগত মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ করা গেলে সরকারের হাতে উন্নয়ন বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থের সংস্থান হবে। এতে অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে আর্থিক সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব আহরণের দুর্বল চিত্র তুলে ধরে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর রাজস্ব। সব মিলিয়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ। সমপর্যায়ের দেশগুলোর তুলনায় এ হার অর্ধেকেরও কম। রাজস্ব আদায়ের এই সীমাবদ্ধতার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারের বিনিয়োগের সক্ষমতা কমে যাচ্ছে।
কর অব্যাহতিকে রাজস্ব আদায়ের অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে বিভিন্ন ধরনের কর অব্যাহতির কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ে সরকারের মোট কর রাজস্বের প্রায় সমান। এ অবস্থায় অযৌক্তিক কর অব্যাহতি কমানো, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি পর্যায়ের কর ব্যবস্থায় সংস্কার আনার সুপারিশ করেছে সংস্থাটি।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
সরকারি বিনিয়োগের ক্ষেত্রেও উদ্বেগজনক প্রবণতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে সরকারি মূলধনি ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। সরকারি বিনিয়োগের এই সংকোচন অবকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও মানবসম্পদ তৈরির দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।
অন্যদিকে সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। ২০১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। ২০২৬ অর্থবছরে তা বেড়ে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে সরকারের বেশি ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
জ্বালানি খাতের ভর্তুকিকে সরকারের আর্থিক চাপের অন্যতম বড় উৎস হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে এ খাতে সরকারের আর্থিক চাপ আরও বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যয় সাশ্রয়ী ও নিয়মভিত্তিক জ্বালানির মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
তবে জ্বালানির দাম সমন্বয়ের ক্ষেত্রে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। সবার জন্য ব্যাপক ভর্তুকি না দিয়ে প্রকৃত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে লক্ষ্যভিত্তিক সহায়তা পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বাড়ানো, শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, ভর্তুকি সংস্কারের উদ্দেশ্য দরিদ্র মানুষের সুরক্ষা কমানো নয়; বরং সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে কার্যকরভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা।
দেশে দারিদ্র্যের হার বৃদ্ধির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। এ পরিস্থিতিতে জ্বালানি মূল্য ও ভর্তুকি সংস্কারের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংস্থাটি।
কর্মসংস্থানের ক্ষেত্রেও বাংলাদেশের চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে দেশের মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
এসব সমস্যা মোকাবিলায় করনীতি ও কর প্রশাসনকে পৃথক করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি কর প্রশাসনের ডিজিটাল ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয়, একক করদাতা পরিচিতি নম্বর চালু এবং কর ব্যবস্থাপনার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভ্যাট ও বাণিজ্য কর ব্যবস্থার সংস্কারের পাশাপাশি অযৌক্তিক কর অব্যাহতি কমিয়ে রাজস্বের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জ্বালানি খাতে ব্যয় ও মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনতে নিয়মভিত্তিক এবং ব্যয় প্রতিফলিত হয় এমন মূল্যব্যবস্থা চালুর পাশাপাশি শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সংস্কারের মাধ্যমে সৃষ্ট অতিরিক্ত আর্থিক সক্ষমতা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য সরকারি প্রকল্প পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও ব্যয় ব্যবস্থাপনার মান উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
সংস্কার হলে বাড়বে রাজস্ব ও সরকারি ব্যয়
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আহরণ বৃদ্ধি, ভর্তুকি ব্যবস্থাকে লক্ষ্যভিত্তিক করা, সরকারি ব্যয়ের দক্ষতা বাড়ানো এবং জ্বালানির মূল্য নির্ধারণে সংস্কার আনা গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। এসব সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা গেলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। অন্যদিকে সীমিত সংস্কার করা হলে একই সময়ে রাজস্ব আয় জিডিপির ১০ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সংস্কার বাস্তবায়িত হলে ২০৩৫ অর্থবছরে জিডিপির অনুপাতে সরকারি ব্যয় বেড়ে ১৮ শতাংশে পৌঁছাতে পারে। একই সঙ্গে বাজেট ঘাটতি পুরো সময়জুড়েই জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে এবং ২০৩৫ অর্থবছরে তা কমে ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।
বিশ্বব্যাংকের মূল্যায়নে, আর্থিক সংস্কারের মাধ্যমে সরকারের রাজস্ব সক্ষমতা বাড়ানো এবং সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করা গেলে উন্নয়ন বিনিয়োগের পরিসর বাড়বে। পাশাপাশি বেসরকারি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুর
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।