https://newsbdc.com/business/mwndbdlliq
আলজেরিয়া থেকে কেজিপ্রতি ২–৫ ডলারে খেজুর আমদানির প্রস্তাব
রমজান সামনে রেখে খেজুরের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জানুয়ারির প্রথম দিকেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ জন্য আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৩ মিনিট আগে
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে সাশ্রয়ী দামে খেজুর আমদানি, দ্রুত সরবরাহ নিশ্চিত করা এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ভোক্তারা সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকেই রমজানের কেনাকাটা শুরু করেন। ফলে রমজানের আগেই বাজারে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য জানুয়ারির শুরুতেই খুচরা বাজারে খেজুর পৌঁছানোর ব্যবস্থা নিতে চান তিনি।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, দেশটিতে এখন খেজুরের ভরা মৌসুম চলছে। সেখানে বিপুল পরিমাণ খেজুর মজুদ রয়েছে। বাংলাদেশের বাজারে প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয়।
পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে খেজুরের চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব। এতে জানুয়ারির শুরুতেই বাজারে খেজুর সরবরাহের লক্ষ্য বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।