https://newsbdc.com/business-economy/mwop3a9q5p
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এ দেশে আরও বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পৃক্ততা জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৪ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল রেনেসাঁয় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, শেভরন বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করে। এক্সিলারেট দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। এ ছাড়া জিই ভারনোভা বাংলাদেশের বিদ্যুৎ খাতে কাজ করছে। এসব খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সম্পৃক্ততা রয়েছে এবং তারা আরও বিনিয়োগে আগ্রহী।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে (এআরটি) স্বচ্ছ শুল্ক ব্যবস্থা, ব্যবসার নিয়মকানুন সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা এবং আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বীমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অর্থায়ন করে। তবে এ সুবিধা পেতে প্রকল্পগুলোকে ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে।
অনুষ্ঠানে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কঠিন এবং নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জের পাশাপাশি দেশের নিজস্ব সক্ষমতা, সম্পদ ও সম্ভাবনাও খুঁজে দেখতে হবে। উদ্যমী ও উদ্ভাবনী তরুণদের শক্তি কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবার পাশাপাশি আগামী পাঁচ বছরে দেশ কোথায় পৌঁছাতে পারে, তা নিয়েও পরিকল্পনা করা প্রয়োজন। দেশের কারখানা, কৃষি, শহর ও তরুণদের মধ্যে উদ্যোগী মনোভাব এবং উদ্ভাবনের আকাঙ্ক্ষা রয়েছে। এই শক্তিকে কাজে লাগাতে হবে।
দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রিয়াকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, দুর্নীতি নিয়ে আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। এ ধরনের হয়রানির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে চাইলেও করের আওতা বাড়ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ ও তৃণমূল পর্যায় থেকে বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর তৈরি এবং তাদের বক্তব্য শোনা জরুরি।
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
আইবিএফবির সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান বলেন, ডিএফসির অর্থায়নের সুযোগ বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে তিনি নিজেও বিভিন্ন নীতিগত সমস্যার মুখোমুখি হয়েছেন। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে নীতিমালা সহজ, ন্যায্য ও স্বচ্ছ করা প্রয়োজন। নির্মাণ অনুমোদন, সরকারি সেবা গ্রহণ এবং ব্যবসা পরিচালনার জটিলতা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি জন ফ্লুহার্টি উপস্থিত ছিলেন। আইবিএফবির সঙ্গে অতীতের সহযোগিতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও যৌথ কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
সোনার দামে বড় পতন, ৭ দফা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে ২০ নভেম্বর ২০২৬
সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।