ছবি ভিডিও মতামত
সর্বশেষ
এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি জনগণ সমর্থন দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে: পরিবেশমন্ত্রী ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ
ব্যবসা-বাণিজ্য

কৃষিঋণের আওতা বাড়াল বাংলাদেশ ব্যাংক, অর্থায়ন মিলবে সংরক্ষণ ও বিপণনেও

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯: ১৩
কৃষিঋণের আওতা বাড়াল বাংলাদেশ ব্যাংক, অর্থায়ন মিলবে সংরক্ষণ ও বিপণনেও
সংগৃহীত

কৃষি খাতের আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কৃষি উৎপাদনের পাশাপাশি ফসল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও কৃষিঋণ পাবে। এ ছাড়া স্যাটেলাইট ইমেজিং, ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্যও ঋণ দেওয়া যাবে। কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এক বছরের রেয়াতকালসহ যন্ত্রের মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত অর্থায়ন করতে পারবে ব্যাংক।

চলতি অর্থবছরের কৃষিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনে গতকাল বৃহস্পতিবার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে কৃষি খাতে অর্থায়নের পরিধি বাড়ানো হয়েছে। গত আগস্টে চলতি অর্থবছরের কৃষিঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তাতে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ৪ শতাংশ কৃষি খাতে বিতরণ বাধ্যতামূলক করা হয়। আগে এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৩৪ মিনিট আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

সংশোধিত নীতিমালায় ব্যাংকগুলোর কৃষিঋণ লক্ষ্যমাত্রার খাতভিত্তিক বণ্টনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ঋণের আওতা বাড়লেও শস্য ও ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং সেচ- এই চার খাতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একটি ব্যাংকের মোট কৃষিঋণের অন্তত ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২০ শতাংশ প্রাণিসম্পদে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে বিতরণ করতে হবে। বাকি ১০ শতাংশ কৃষি প্রযুক্তি, কৃষিপণ্যের মূল্য সংযোজন শৃঙ্খল (এগ্রিকালচারাল ভ্যালু চেইন) এবং আয় উৎসারী কর্মকাণ্ডে বিতরণ করা যাবে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

নীতিমালায় এগ্রিকালচারাল ভ্যালু চেইনের আওতা বাড়ানো হয়েছে। কৃষি উপকরণ সরবরাহ থেকে শুরু করে ফসল উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং পাইকারি ও খুচরা পর্যায়ে বিপণন—পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যোগ্য ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান ঋণ পাওয়ার সুযোগ পাবে। আগে কৃষিঋণের ক্ষেত্রে মূলত ব্যক্তিকে বিবেচনা করা হলেও এবার প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে। কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান এ ঋণের জন্য আবেদন করতে পারবে। তবে এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের তথ্য পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

কৃষির যান্ত্রিকীকরণে গতি আনতে নতুন নীতিমালায় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়নের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, পাওয়ার টিলার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, পাওয়ার থ্রেসার, সিডার ও বীজতলা তৈরির ট্রের মতো যন্ত্রপাতি কিনতে কৃষক ও বাণিজ্যিক সেবা প্রদানকারীরা ঋণ পাবেন। যন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ গ্রাহককে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

যন্ত্রের জীবনকাল বিবেচনায় ঋণের মেয়াদ হবে তিন থেকে পাঁচ বছর। ফসল উৎপাদন ও সংগ্রহের মৌসুমের সঙ্গে সামঞ্জস্য রেখে কিস্তি নির্ধারণ করতে হবে। ঋণ পরিশোধে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত রেয়াতকাল দেওয়া যাবে। ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে কেনা যন্ত্রটিই জামানত হিসেবে বিবেচিত হবে। তবে বড় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি বা স্থাবর সম্পত্তিসহ অতিরিক্ত জামানত নিতে হবে।

নীতিমালায় প্রথমবারের মতো ‘প্রিসিশন এগ্রিকালচার’ বা নির্ভুল কৃষিচর্চায় ঋণের সুযোগ রাখা হয়েছে। এ পদ্ধতিতে মাঠপর্যায়ে ফসল উৎপাদনে সঠিক সময়ে, সঠিক স্থানে ও সঠিক মাত্রায় বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করা হয়। স্যাটেলাইট ইমেজিং, রিমোট সেন্সিং, ভৌগোলিক তথ্যব্যবস্থা (জিআইএস), ড্রোন, সেন্সর, এআই ও বিগ ডেটা অ্যানালিটিকস ব্যবহার করে চাষাবাদের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষি বা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারে অর্থায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ, ভাসমান কৃষি, উঁচু বেডে সবজি চাষ, বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তিচালিত সেচ পাম্প এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমে ঋণ দেওয়া যাবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষি উৎপাদন বাড়ানো, সংরক্ষণ ও বিপণনব্যবস্থার উন্নয়ন কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য। ক্লাইমেট স্মার্ট কৃষির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সময়ে ফসল চাষ করা সম্ভব হবে। এসব উদ্যোগের ফলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানির সুযোগও বাড়বে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যাতে হয়রানি ছাড়া ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণ করতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ক্যাম্প করে ঋণের তথ্য প্রচার ও বিতরণ করতে হবে। এ ছাড়া পরিবেশবান্ধব জৈব সার, বিশেষ করে কেঁচো কম্পোস্ট ও বায়োগ্যাস উৎপাদনে ঋণ বিতরণে জোর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন