https://newsbdc.com/sara-desh/mwou66fvop
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ছয় পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ২ মিনিট আগে
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় টহল গাড়িতে দায়িত্ব পালন করছিলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। তাঁরা সবাই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের মধ্যে কনস্টেবল শফিকসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বাসের ধাক্কায় পুলিশের টহল গাড়িতে থাকা ছয় সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।