https://newsbdc.com/education/mwm0amssat
কারুশিল্পের ঐতিহ্য ও সমকালীন শিল্পচর্চার অনন্য মেলবন্ধন
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রমভিত্তিক শিল্পকর্ম স্থান পায়। ড্রয়িং, ডিজাইন, অলংকার, কাঠখোদাই, বাটিক, অ্যাপ্লিক, ধাতব শিল্পকর্ম, ফ্যাশন ডিজাইন ও গৃহস্থালি সামগ্রী—বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় উঠে আসে।
প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক ছিল সমকালীন শিল্পরীতির চর্চার পাশাপাশি দেশজ উপকরণ, লোকজ ঐতিহ্য ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রাধান্য। বিদেশি শিল্পরীতির অনুকরণে দেশীয় বৈশিষ্ট্য হারিয়ে না ফেলে বরং কারুশিল্পের নিজস্ব স্বরূপকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা দেখা গেছে শিক্ষার্থীদের কাজে।
আরও পড়ুন
বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাজের মধ্যে ড্রয়িং, স্টাডি, ডিজাইন, পেপার আর্ট ও কম্পোজিশনের দক্ষতা বিশেষভাবে চোখে পড়ে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্কেচে বাস্তবধর্মী উপস্থাপনার পারদর্শিতা ছিল লক্ষণীয়। কালি ও পোস্টার রঙে তৈরি চিত্রকর্মগুলোতেও রঙের ব্যবহার ও নকশার দক্ষতা ফুটে উঠেছে। এসব কাজ থেকে বোঝা যায়, শিক্ষার্থীরা কারুশিল্পের পাশাপাশি চিত্রকলাতেও নিজেদের দক্ষতা বিকাশের সম্ভাবনা রাখে।
কাপড় ও লোগো ডিজাইনে লোকজ মোটিফ, জামদানি নকশা ও আলপনার ব্যবহার ছিল উল্লেখযোগ্য। এসব উপাদানের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে সমকালীন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
ঢাকা কলেজের সংকট সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস শিক্ষামন্ত্রীর ২০ নভেম্বর ২০২৬
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তৈরি অলংকারও ছিল আকর্ষণীয়। পাট, কাপড়, জিনস, দেশীয় ফলের বীজ, পাতা, নারকেলের মালা ও রং করা মাটি ব্যবহার করে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের গহনা। লকেটের ওপর অ্যাপ্লিক ও সূচিকর্মের নকশা বিশেষভাবে নজর কেড়েছে। একটি লকেটে আঠা দিয়ে কয়েকটি ধানের শিষ বসিয়ে এমনভাবে সাজানো হয়েছে, যা দেখতে কুলায় ছড়িয়ে রাখা ধানের মতো মনে হয়।
এসব গহনার বিশেষত্ব হলো, নান্দনিকতার পাশাপাশি ব্যবহারিক উপযোগিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নকশায় অতিরিক্ত অলংকরণের প্রবণতা নেই, যা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে বেমানান হতে পারে। ফলে সৌন্দর্য ও ব্যবহারিকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা দেখা গেছে।
তৃতীয় বর্ষের শিল্পকর্মগুলোর মধ্যে কাঠখোদাই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। শ্রমসাধ্য এসব কাজে বাস্তবধর্মী উপস্থাপনা ও সূক্ষ্ম কারুকাজের পরিচয় পাওয়া যায়। বিশেষ করে ফুলের পাপড়ির গঠন এত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে সেগুলো ছাঁচে তৈরি বলে মনে হতে পারে। এসব কাজে গামারি কাঠের ব্যবহার বেশি দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন ধরনের কাঠ, বার্নিশ ও পোড়ানোর কৌশল প্রয়োগে তৈরি হয়েছে রঙের বৈচিত্র্য। কিছু কাজে কাঠের সঙ্গে ধাতব পাতের সংযোজন শিল্পকর্মের সৌন্দর্য আরও বাড়িয়েছে।
আরও পড়ুন
কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর, আসন ৩৮০৫ ২০ নভেম্বর ২০২৬
একই বর্ষের বাটিকের কাজেও বিষয়বস্তু ও উপস্থাপনায় ভিন্নতা ছিল। বাটিকে অবয়বধর্মী নকশার প্রয়োগ বিশেষভাবে নজর কেড়েছে। গ্রামীণ পরিবেশ ও টেপা পুতুলের ধারণা বাটিক প্রিন্টে বাঙালির লোকজ জীবন ও মাটির ঘ্রাণ তুলে ধরেছে। প্রচলিত কাপড়ের বাইরে চামড়ার ওপরও বাটিকের প্রয়োগ দেখা গেছে। চামড়ায় অ্যারাবিক গাম ব্যবহার করে তৈরি এসব কাজের সম্ভাবনা পোশাকশিল্পেও কাজে লাগানো যেতে পারে। উপকরণ ও মাধ্যমের এই বৈচিত্র্য বাটিকের প্রচলিত ধারণাকে আরও বিস্তৃত করেছে।
অ্যাপ্লিকের কাজগুলোও আলাদা করে উল্লেখ করার মতো। কয়েকটি কাজ এতটাই নিখুঁত ও পরিশীলিত যে কাছ থেকে না দেখলে সেগুলো অ্যাপ্লিক, নাকি চিত্রকর্ম—তা বোঝা কঠিন। কাপড়ের অ্যাপ্লিকের সঙ্গে ধাতুর ছোট ছোট টুকরা যুক্ত করে নতুন মাত্রা তৈরি করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে একটি কিউবিজমধর্মী অ্যাপ্লিক বিশেষভাবে নজর কেড়েছে। জ্যামিতিক ও ভাঙা অবয়বের শিল্পভাষা প্রকাশে অ্যাপ্লিক যে কার্যকর মাধ্যম হতে পারে, কাজটি তার উদাহরণ।
চতুর্থ বর্ষের কাজগুলোর মধ্যে ধাতব শিল্পকর্মে বাণিজ্যিক সম্ভাবনা লক্ষ করা গেছে। ব্রাসের পাত আগুনে পুড়িয়ে তাতে বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি করা হয়েছে। রিলিফের মাধ্যমে মানবদেহের গঠন ও প্রকৃতির নানা অনুষঙ্গও দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। ধাতব পটভূমির সঙ্গে বিভিন্ন ধরনের কাঠের ব্যবহার শিল্পকর্মগুলোকে দিয়েছে স্বতন্ত্র রূপ। উপকরণের সমন্বয়, টেক্সচারের বৈচিত্র্য ও রিলিফের প্রয়োগে প্রতিটি কাজেই তৈরি হয়েছে আলাদা দৃশ্যভাষা।
আরও পড়ুন
শ্রেণিকক্ষকে প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর ২০২৬
স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রমে ফ্যাশন ডিজাইনিংয়েরও বড় অংশ রয়েছে। জিনস, মসলিন, সুতি ও সিল্কের মতো কাপড় ব্যবহার করে তৈরি হয়েছে পাশ্চাত্য পোশাক, শাড়ি ও ব্লাউজ। এসব পোশাকে অ্যাপ্লিক, সূচিকর্ম ও ধাতব পাতের ব্যবহার লক্ষণীয়। কয়েকটি শাড়িতে প্রচলিত নকশার পরিবর্তে অবয়বধর্মী চিত্রসম্বলিত অ্যাপ্লিক ব্যবহার করা হয়েছে। ফলে পোশাকের ব্যবহারিক পরিচয়ের পাশাপাশি শাড়ির ওপর ফুটে ওঠা চিত্রকর্মের নান্দনিকতা ও শিল্পমূল্যও দর্শকের মনোযোগ কেড়েছে। এ চর্চায় দেশীয় রুচি ও ঐতিহ্যের পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনের প্রভাবও দেখা গেছে।
প্রদর্শনীর আরেকটি আকর্ষণ ছিল গৃহস্থালি সামগ্রী। ট্যাপেস্ট্রি, অ্যাপ্লিক, কাঠখোদাই, স্ক্রিন প্রিন্ট ও ধাতব কাজের সমন্বয়ে তৈরি হয়েছে নানা ধরনের ব্যবহারিক উপকরণ। ধাতব অলংকরণযুক্ত কাঠের আসবাব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। এসব কাজে সূক্ষ্মতা ও নিখুঁত অলংকরণের কারণে ব্যবহারিক সামগ্রীও শিল্পবস্তুতে রূপ নিয়েছে।
আরও পড়ুন
ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি দেবে সরকার, যেসব শর্ত মানতে হবে ২০ নভেম্বর ২০২৬
আসবাবের মধ্যে চরকির মতো দেখতে একটি বস্তু ছিল কৌতূহলোদ্দীপক। কাছে গিয়ে সেটি ঘোরাতে বোঝা যায়, এর প্রতিটি অংশ আলাদা বাক্স হিসেবে তৈরি। পরিচিত লোকজ উপকরণকে এমন ভিন্নধর্মী রূপ দেওয়ার প্রয়াস প্রশংসনীয়। পাশাপাশি শিক্ষার্থীদের তৈরি কাঠ ও ধাতুর কারুকাজসমৃদ্ধ দর্পণও ছিল নজরকাড়া। এসব কাজে দর্পণ কেবল প্রতিবিম্ব দেখার মাধ্যম নয়, নিজেই একটি স্বতন্ত্র শিল্পবস্তু হয়ে উঠেছে।
সব মিলিয়ে প্রদর্শনীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাজের মধ্যে লোকজ মোটিফ, দেশীয় উপকরণ ও ঐতিহ্যবাহী কারুশিল্পের উপাদানের ব্যবহার বিশেষভাবে প্রশংসনীয়। টেপা পুতুলের মতো পরিচিত লোকজ অনুষঙ্গকে নতুন আঙ্গিকে উপস্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কারুশিল্পের সাংস্কৃতিক পরিচয়কে সমকালীন শিল্পচর্চার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন।
তবে কারুশিল্পের ভবিষ্যৎ বিকাশে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন উপকরণ, প্রযুক্তি ও নান্দনিক ভাষার আরও সৃজনশীল প্রয়োগের সুযোগ রয়েছে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিষ্ঠা ও মনোযোগের মধ্য দিয়ে এ শিল্পচর্চা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা রইল।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।