https://newsbdc.com/international/mvlwa2iw7g
বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যায়। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার খবর এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ ডলার ৭২ সেন্টে দাঁড়ায়। ২৯ এপ্রিলের পর এটি ছিল সর্বোচ্চ দাম।
আরও পড়ুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ৮ মিনিট আগে
একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে পৌঁছায়। সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা
এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেন, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ইরান-সমর্থিত হুতিদের হামলার পর সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাব পড়েছে তেলের দামে।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ১ ঘণ্টা আগে
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয়। তবে কী কারণে তেল ছড়িয়েছে এবং কোন জাহাজ থেকে তা ঘটেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৯ অক্টোবর আমিরাতের আল জাজিরা এলাকার পশ্চিমে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার পর ‘জেম নম্বর ২’ নামের একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন
রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি ১ ঘণ্টা আগে
কৌশলগত মজুত থেকে জ্বালানি ছাড়ছে বিভিন্ন দেশ
সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ লুইজিয়ানার একটি শোধনাগারে সরবরাহ সংকট মোকাবিলায় কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের অনুমোদন দিয়েছে।
জার্মানিও কৌশলগত মজুত থেকে ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন
‘সম্পূর্ণ সুস্থ’ মোজতবা খামেনি, প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের দাবি ২০ ঘণ্টা আগে
অন্যদিকে, লিবিয়ার দুটি তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পরিবহনের পাইপলাইনের একটি ভালভ বন্ধ থাকায় উৎপাদন কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেলবাহী একটি জাহাজ নিউইয়র্কের দিকে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেল উৎপাদন ও পরিবহনে বিঘ্ন এবং বিভিন্ন দেশের মজুত ব্যবহারের সিদ্ধান্ত—সব মিলিয়ে বিশ্ব জ্বালানি বাজারের ওপর নজর রাখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকেরা।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।