https://newsbdc.com/national/mwvo12by5g
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু, আলোচনায় ১৪ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হলো তিন সেনা কর্মকর্তাকে ১৭ মিনিট আগে
সভায় অনুমোদনের জন্য মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে নতুন চারটি এবং সংশোধিত ১০টি প্রকল্প রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একনেকের আলোচ্যসূচিতে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধন) এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।
আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ১২ ঘণ্টা আগে
স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্পও রয়েছে আলোচ্যসূচিতে। এগুলো হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন) এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প রয়েছে।
আরও পড়ুন
বুধবার একনেক সভায় উঠছে ১৪ প্রকল্প ১২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হবে।
আরও পড়ুন
সারা দেশে দিন-রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস ১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিভাগের দুটি প্রকল্পও রয়েছে তালিকায়। এগুলো হলো আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাব রয়েছে।
এদিকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত সাতটি প্রকল্পের বিষয়ে একনেক সভায় অবহিত করা হবে। এসব প্রকল্পের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প।
আরও পড়ুন
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর প্রকল্পও রয়েছে এ তালিকায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ শক্তিশালীকরণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প রয়েছে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত প্রকল্পের তালিকায়।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।