ছবি ভিডিও মতামত
সর্বশেষ
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী হাবিব এআই কখনো মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারবে না: রণবীর মার্কিন নির্বাচনে যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: ইরানের পার্লামেন্ট স্পিকার চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে চালুর উদ্যোগ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয়েছে একনেক সভা ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, কার্যকর জানুয়ারিতে বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
শিক্ষা

সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১২: ৫৭
সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির সময়সূচি পরিবর্তনের আলোচনা
সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সম্পূরক পরীক্ষায় পাস করলে তারা যেন চলতি শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির আবেদন করতে পারেন, তা নিয়েও ভাবা হচ্ছে। এই সুযোগ নিশ্চিত করতে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথা ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আরও আলোচনা করবে।


তিনি বলেন, ভর্তি পরীক্ষার তারিখ নতুন করে ঠিক করতে হবে। সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা যেন ভর্তির আবেদন করতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করতে হবে।


শিক্ষা বোর্ডগুলো আগামী ২ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা শুরু করতে চায়। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে তাদের।


আরও পড়ুন

বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৩৯ মিনিট আগে বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্ববিদ্যালয়গুলো সময়সূচি পরিবর্তনে রাজি কি না, জানতে চাইলে মইনুদ্দিন বলেন, বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।


এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই উদ্যোগের পরও তারা চলতি শিক্ষাবর্ষে দেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়টি নিয়েই গতকালের বৈঠকে আলোচনা হয়েছে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তারা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।


গত ৩১ অক্টোবর শিক্ষামন্ত্রী মিলন এ উদ্যোগের কথা জানান। তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাস করার জন্য আরও এক বছর অপেক্ষা করানো উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সঙ্গে সম্পূরক পরীক্ষার সময়সূচি মেলানোর চেষ্টা করবে মন্ত্রণালয়।


তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই আবেদন গ্রহণ শেষ হবে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শেষ হয়ে যাবে ভর্তি পরীক্ষাও।


আরও পড়ুন

স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর ১ ঘণ্টা আগে স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে ৬ থেকে ৮ নভেম্বর

বিদ্যমান সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া হবে ১১ থেকে ২৫ নভেম্বর। বিশ্ববিদ্যালয়টির পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ থেকে ২৬ ডিসেম্বর।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত ন্যূনতম জিপিএও থাকতে হবে। আগের বছর এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারেন না।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন নেওয়া হবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের সম্ভাব্য সময় ১২ থেকে ২৭ নভেম্বর। ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে জানুয়ারিতে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় দুটির ভর্তি পরীক্ষার তারিখ পরে নির্ধারণ করা হবে।


জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হলেও এসব বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বাধা হতে পারে। কারণ সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই আবেদন গ্রহণ শেষ হয়ে যাবে।

আরও পড়ুন

চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি ২২ ঘণ্টা আগে চাকরি জাতীয়করণসহ শিক্ষকদের আট দফা দাবি


খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার তারিখ ১৮ ও ১৯ ডিসেম্বর।


মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষা সম্ভাব্য ৪ ডিসেম্বর নেওয়ার পরিকল্পনা রয়েছে।


নয়টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে ২ জানুয়ারি। তবে এ প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখনো আবেদনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেনি।


সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সময়সূচি পরিবর্তনের সুযোগ তুলনামূলক বেশি। এ গুচ্ছের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ১৯, ২০ ও ২৭ মার্চ। তবে আবেদনের সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ১৬ জানুয়ারি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরীক্ষা হবে ৮ জানুয়ারি।

আরও পড়ুন

এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা ২৩ ঘণ্টা আগে এক দিনের শাটডাউন শেষে চুয়েটে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যথাক্রমে ১৪ ও ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেছে।


এসব বিশ্ববিদ্যালয়ে সম্পূরক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা নির্ভর করছে আবেদনের শেষ তারিখের ওপর।


সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, সম্পূরক পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোর পুরো ডিসেম্বর মাস প্রয়োজন হবে।


তিনি বলেন, ‘এই শিক্ষার্থীদের নিয়মিত ভর্তি প্রক্রিয়ায় যুক্ত করা বাস্তবে কঠিন হবে বলে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।’ পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগও খুব বেশি নেই বলে জানান তিনি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান সম্পূরক পরীক্ষার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি শুরুতেই বিবেচনায় না নেওয়ায় তিনি সমালোচনা করেন।

আরও পড়ুন

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের চিন্তা সরকারের ৩ নভেম্বর ২০২৬ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, এমপিও বাতিলের চিন্তা সরকারের


তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এক বা দুই বিষয়ে খারাপ করা শিক্ষার্থীদের আরেকটি সুযোগ দেওয়া ভালো সিদ্ধান্ত। বিশেষ করে পরীক্ষার দিন অসুস্থতা, নিকটাত্মীয়ের মৃত্যু বা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে যারা খারাপ করেছেন, তাদের জন্য এ সুযোগ উপকারী হবে। তবে দীর্ঘদিনের পড়াশোনার ঘাটতি শুধু আরেকটি পরীক্ষা নিয়ে পূরণ করা সম্ভব নয়।


মজিবুর রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। একটি স্থায়ী ও স্বাধীন বিশেষজ্ঞ কমিশনের মাধ্যমে শিক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হলে এ ধরনের সমন্বয়হীনতা এড়ানো সম্ভব হতো।


এদিকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির আসন অনেক বেশি। তারপরও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মোট আসন ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।


তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসগুলোতে আসন মাত্র ৬৩ হাজার ৬৫৬টি। অধিভুক্ত কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখ ১৮ হাজার ৬৩২টি। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই রয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি আসন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে ৪ লাখ ১০ হাজার।

শিক্ষা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Education নিয়ে আরও পড়ুন