https://newsbdc.com/entertainment/mvca7e2g6d
সানিয়া মির্জার ছেলেকে নায়ক বানানোর প্রতিশ্রুতি ফারাহ খানের
টেনিস তারকা সানিয়া মির্জার আট বছর বয়সী ছেলে ইজহান মির্জাকে নিয়ে বলিউডে সিনেমা বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতা ফারাহ খান। মজার ছলে ইজহানকে ১০০ রুপি দিয়ে ভবিষ্যতে নিজের সিনেমার নায়ক করার কথা বলেছিলেন তিনি। সেই টাকা এখনো যত্ন করে রেখে দিয়েছেন সানিয়া।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফারাহর সঙ্গে ছেলের সিনেমায় অভিনয় নিয়ে মজার একটি ঘটনার কথা জানান সানিয়া। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন
চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ৯ ঘণ্টা আগে
সানিয়ার ভাষ্য অনুযায়ী, আট বছর আগে ইজহানের হাতে ১০০ রুপি দিয়ে ফারাহ বলেছিলেন, ইজহান বড় হয়ে অভিনেতা হলে তিনি তাকে নিয়ে সিনেমা বানাবেন। সেই টাকা সানিয়ার কাছে ছেলেকে নিয়ে ফারাহর প্রতিশ্রুতির স্মারক হয়ে আছে।
এর আগেও ছেলেকে সিনেমার নায়ক হিসেবে অভিষেক করানোর বিষয়ে ফারাহর প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সানিয়া। গত বছর ফারাহর একটি ভ্লগেও সানিয়া ও ইজহানকে দেখা যায়। সেখানে ছোট্ট ইজহানের সঙ্গে খুনসুটির একপর্যায়ে ফারাহ মজা করে বলেন, তিনিই তাকে সিনেমায় পরিচয় করিয়ে দেবেন এবং ইজহান তাঁর নায়ক।
আরও পড়ুন
নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ১০ ঘণ্টা আগে
সানিয়া ও ফারাহর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তাঁদের আড্ডা ও আন্তরিক সম্পর্কের নানা মুহূর্তও ভক্তদের নজর কেড়েছে। ইজহানকে নিয়ে ফারাহর এই প্রতিশ্রুতিও তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের একটি মজার উদাহরণ।
তবে ইজহানের বলিউডে অভিষেক কবে হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আপাতত ফারাহর দেওয়া ১০০ রুপি ও তাঁর মজার প্রতিশ্রুতি ঘিরেই আলোচনা চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।