https://newsbdc.com/international/mvga17xufm
উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ মুখ্যমন্ত্রী ওয়াই খেমচান্দ সিংয়ের বাসভবনের ফটকের সামনে রেখে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীরা কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন।
আরও পড়ুন
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ১৭ মিনিট আগে
সোমবার (১৯ অক্টোবর) সকালে ইমফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহ করতে যান মেইতেই সম্প্রদায়ের ১৪ জন গ্রামবাসী। এ সময় তাঁদের লক্ষ্য করে সশস্ত্র কুকি গোষ্ঠীর সদস্যরা অতর্কিত গুলি চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলায় অরুবাধু রোনিল ও লাইরেল্লাকবাম ইনাওবিসহ তিনজন নিহত হন। আহত হন আরও চারজন।
নিহতদের মরদেহ নিয়ে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহগুলো উদ্ধার করে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জেএনআইএমএস) হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন
রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি ২২ মিনিট আগে
মণিপুর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক লহারি ডোরজে লাথু জানান, রোববার রাত থেকে সোমবারের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। থৌবাল থানার খাঙ্গাবোক পালি বাজারে একটি সংগীতানুষ্ঠানে পাথর নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
এ ছাড়া কাকওয়া লামদাইবুং লম্পাক এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) তিন সদস্য গুরুতর আহত হন।
আরও পড়ুন
বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, সরবরাহ নিয়ে উদ্বেগ ৩০ মিনিট আগে
পুলিশ জানিয়েছে, এসব সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। একের পর এক গুলিবর্ষণ, সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।