https://newsbdc.com/lifestyle-wellness/mwlxku4pky
খেজুরের চেয়েও বেশি ফাইবার মিলবে যেসব খাবারে
ফাইবার বা খাদ্যআঁশ আমাদের হজমশক্তি ভালো রাখতে এবং রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও ভূমিকা রাখে। ফাইবারসমৃদ্ধ খাবারের মধ্যে খেজুর অন্যতম। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার থাকে।
তবে প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদের কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে কেউ কেউ খেজুর খাওয়া সীমিত রাখেন। তাঁদের জন্য ফাইবারের অন্যান্য উৎস হতে পারে মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতি।
খেজুরের চেয়েও বেশি ফাইবারযুক্ত খাবার
আরও পড়ুন
প্রতিদিন এক বাটি ওটস খেলে মিলবে যে ৫ উপকার ৪ ঘণ্টা আগে
মসুর ডাল
এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে। পাশাপাশি এতে রয়েছে প্রোটিন, ফোলেট, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। স্যুপ, স্ট্যু, সালাদ কিংবা বিভিন্ন নিরামিষ পদে মসুর ডাল যোগ করে খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ বাড়ানো যায়।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের ফাইবার। একটি আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার থাকতে পারে। এতে থাকা মনোআনস্যাচুরেটেড ফ্যাট হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। এ ছাড়া অ্যাভোকাডোতে পটাশিয়াম ও ফোলেটও রয়েছে। ফাইবার হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
আরও পড়ুন
ভ্রমণে নতুন ঝোঁক, বাড়ছে নির্জন অবকাশ ও সুস্থতাকেন্দ্রিক পর্যটন ৬ ঘণ্টা আগে
চিয়া সিড
চিয়া সিড দ্রবণীয় ফাইবারের ভালো উৎস। এটি হজমপ্রক্রিয়ায় সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে। দুই টেবিল চামচ চিয়া সিড থেকে দৈনিক ফাইবারের চাহিদার উল্লেখযোগ্য অংশ পাওয়া যায়। এতে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
দই, ওটমিল বা দুধের সঙ্গে চিয়া সিড খাওয়া যায়। দুধে সারারাত ভিজিয়ে রেখে তৈরি করা যায় চিয়া পুডিং। এ ছাড়া প্যানকেকের মিশ্রণ বা মাফিনের মতো বেক করা খাবারেও এটি যোগ করা যেতে পারে।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২৩ নভেম্বর ২০২৬
নাশপাতি
খোসাসহ নাশপাতি খেলে ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায়। কারণ ফলটির খোসায় উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যআঁশ থাকে। নাশপাতির খোসায় থাকা পেকটিন একধরনের দ্রবণীয় ফাইবার, যা হজমে সহায়তা করে। পাশাপাশি হৃদ্স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে।
ফাইবারের চাহিদা পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার পরিমিত পরিমাণে রাখা যেতে পারে। তবে ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে ব্যক্তিগত খাদ্যতালিকা নির্ধারণে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।