https://newsbdc.com/lifestyle/mwesrzlj93
কুকুরের সঙ্গে বড় হয়ে মানুষের সমাজে ফিরেছিলেন ওকসানা
কুঁড়েঘর থেকে কুকুরের আশ্রয়ে
১৯৮৩ সালে ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা ব্লাহোভিশচেঙ্কা গ্রামে জন্ম ওকসানা মালয়ার। শৈশবের শুরুতে আর দশটি শিশুর মতোই বেড়ে উঠছিলেন তিনি। কিন্তু চরম দারিদ্র্য এবং বাবা-মায়ের অতিরিক্ত মদ্যপানের কারণে পরিবারে ছিল বিশৃঙ্খল পরিবেশ। পরবর্তী সময়ে ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের শৈশবের কথা বলতে গিয়ে ওকসানা জানান, তাঁদের পরিবারের সন্তানসংখ্যা ছিল অনেক। এমনকি সবার ঘুমানোর মতো পর্যাপ্ত বিছানাও ছিল না।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ২ ঘণ্টা আগে
মাত্র তিন বছর বয়সে এক শীতের রাতে ঠান্ডা থেকে বাঁচতে ঘর ছেড়ে বাড়ির উঠানে থাকা কুকুরের ঘরে আশ্রয় নেন ওকসানা। নাইডা নামের একটি কুকুরের পাশে কাটানো সেই রাতই বদলে দেয় তাঁর জীবন।
মানুষের স্নেহ ও পরিচর্যা না পেয়ে ধীরে ধীরে কুকুরগুলোর আচরণ অনুকরণ করতে শুরু করেন তিনি। চার পায়ে হাঁটা, মাটিতে ঘুমানো, উচ্ছিষ্ট খাবার খাওয়া এবং মানুষের ভাষার বদলে ঘেউ ঘেউ করে ভাব প্রকাশ করা হয়ে ওঠে তাঁর অভ্যাস। এভাবে প্রায় পাঁচ বছর কুকুরের সঙ্গে কাটে তাঁর শৈশব।
উদ্ধারের পর শুরু হয় কঠিন পুনর্বাসন
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
১৯৯১ সালে এক প্রতিবেশীর সামনে কুকুরের মতো আচরণ ও ঘেউ ঘেউ করার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের নজরে আসেন ওকসানা। তাঁকে উদ্ধারের জন্য পুলিশ গেলে কুকুরগুলো তাঁকে ঘিরে পাহারা দিচ্ছিল। পরে খাবারের প্রলোভন দেখিয়ে কুকুরগুলোকে সরিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
এরপর ওদেসা অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি কেন্দ্রে ভর্তি করা হয় তাঁকে। ওই প্রতিষ্ঠানের পরিচালকের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের সময় ওকসানার কথা বলার ক্ষমতা ছিল না। এমনকি তিনি পশুর মতো জিহ্বা দিয়ে পানি পান করতেন।
শুরু হয় দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়া। চিকিৎসক ও পরিচর্যাকারীরা তাঁকে সোজা হয়ে হাঁটা, কথা বলা, দৈনন্দিন কাজ করা এবং মানুষের সঙ্গে মিশতে শেখানোর চেষ্টা করেন। স্বাভাবিক জীবনে ফেরার জন্য বছরের পর বছর ধরে চলে এই প্রচেষ্টা।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
মানুষের সমাজে ফিরে না-বলা বেদনা
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর মানুষের সমাজে ফিরে আসতে সক্ষম হন ওকসানা। তিনি ওদেসা অঞ্চলের একটি বিশেষ প্রতিষ্ঠানে বসবাস শুরু করেন। পাশাপাশি স্থানীয় একটি খামারে গরু দোয়ানো ও পশুপালনের কাজ করেন।
আরও পড়ুন
গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬
২০১৩ সালে ইউক্রেনের টেলিভিশন অনুষ্ঠান ‘হোভোরিত ইউক্রেন’-এ অংশ নিয়ে একটি বিশেষ অনুরোধ জানান তিনি। তাঁকে যেন আর ‘ডগ গার্ল’ বা ‘কুকুরের মেয়ে’ বলে ডাকা না হয়। এমন অপমানজনক পরিচয় তাঁকে মানসিকভাবে আঘাত করত।
শৈশবে পরিবারের কাছ থেকে অবহেলার শিকার হলেও পরিবারের সদস্যদের প্রতি তাঁর ক্ষোভ ছিল না বলে জানা যায়। বরং ভাইদের সঙ্গে দেখা করার এবং মায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর জীবনে ভালোবাসার সম্পর্কও এসেছিল। জানা যায়, তাঁর একজন প্রেমিকও ছিল।
শৈশবের ক্ষত আজও বয়ে বেড়ান
আরও পড়ুন
মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬
দীর্ঘ পুনর্বাসনের পরও শৈশবের অভিজ্ঞতার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ওকসানা। মনোবিজ্ঞানীদের মতে, তাঁর জ্ঞানীয় ও সামাজিক বিকাশে স্থায়ী প্রতিবন্ধকতা রয়ে গেছে।
এক সাক্ষাৎকারে নিজের নিঃসঙ্গতার কথা বলতে গিয়ে ওকসানা জানিয়েছিলেন, খুব একা লাগলে কখনো কখনো পুরোনো অভ্যাসের টানে অজান্তেই চার পায়ে ভর দিয়ে নিচে নেমে যান।
ওকসানা মালয়ার জীবন শুধু ব্যতিক্রমী একটি ঘটনা নয়; এটি শিশুর প্রতি অবহেলা ও পারিবারিক দায়িত্বহীনতার ভয়াবহ পরিণতির উদাহরণ। যে বয়সে একটি শিশুর ভালোবাসা, নিরাপত্তা ও পরিচর্যায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাঁকে আশ্রয় নিতে হয়েছিল কুকুরের কাছে। মানুষের সমাজে ফিরে এলেও শৈশবের সেই ক্ষত তাঁর জীবন থেকে পুরোপুরি মুছে যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।