https://newsbdc.com/national/mvgdxlsv7v
৩০ জুনের মূল বেতনেই হিসাব হবে শতাংশভিত্তিক ভাতা, প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে বলা হয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশের আওতাবহির্ভূত মূল বেতনের শতাংশভিত্তিক ভাতাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুন প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হবে। ফলে নতুন বেতনকাঠামো কার্যকর হলেও নির্দিষ্ট কিছু ভাতার হিসাব আপাতত আগের মূল বেতন অনুযায়ী বহাল থাকবে।
আরও পড়ুন
নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম ১২ মিনিট আগে
রোববার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে প্রচলিত ভাতা পেয়ে থাকেন, কিন্তু সেসব ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ভাতা আপাতত ২০২৬ সালের ৩০ জুন প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
আরও পড়ুন
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান ১৬ মিনিট আগে
দীর্ঘ ১১ বছরের ব্যবধানে গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের কথা বলা হয়েছে। বেতন সমন্বয়ের ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুন বিদ্যমান মূল বেতনকে ভিত্তি হিসেবে ধরার কথা রয়েছে।
তবে নতুন বেতনকাঠামোর আওতাবহির্ভূত শতাংশভিত্তিক ভাতাগুলোর ক্ষেত্রে আপাতত নতুন মূল বেতন অনুসারে হিসাব করা হবে না। এসব ভাতার পরিমাণ নির্ধারণে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনই ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন
ই-টিন আছে, রিটার্ন দেননি? সবার জরিমানা ৫ হাজার নয় ২ ঘণ্টা আগে
অর্থাৎ, নতুন পে-স্কেলে মূল বেতন সমন্বয়ের প্রক্রিয়া চললেও আদেশের বাইরে থাকা নির্দিষ্ট কিছু ভাতার হিসাব পুরোনো মূল বেতনের ভিত্তিতেই বহাল থাকছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করতে হবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।