https://newsbdc.com/sports/mvnrsiq0cf
চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো
বিতর্ক ও সমালোচনার মধ্যেও ফিফা সভাপতির পদ ছাড়তে চান না জিয়ান্নি ইনফান্তিনো। বরং ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকার লক্ষ্য নিয়ে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সমর্থন পাওয়ার পর পুনর্নির্বাচন নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সুইস-ইতালীয় এই ফুটবল প্রশাসক।
গত জুলাইয়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারত্ব বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামের ওই উদ্যোগ নিয়ে বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রস্তাবটি থেকে সরে আসে ফিফা। এর পর থেকেই ইনফান্তিনোর পদত্যাগের দাবি জোরালো হয়।
আরও পড়ুন
ব্যালন ডি’অরে সবার ওপরে আর্জেন্টিনা-ফ্রান্স, দেখুন তালিকা ১ ঘণ্টা আগে
তবে পদত্যাগের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন ফিফা সভাপতি। তিনি বলেন, ফিফার ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। এত বড় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে মতপার্থক্য ও ভিন্নমত থাকাটাই স্বাভাবিক।
ইনফান্তিনোর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের মতামত ও ভোটের মূল্য সমান হওয়া উচিত। একই সঙ্গে কোনো বিষয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত থাকলে সেটিকেও সম্মান জানাতে হবে। ফুটবল সবার—এই বিশ্বাস থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্য সংস্থাগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন
২৬ অক্টোবর শুরু এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল ৩ ঘণ্টা আগে
ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানিয়েছেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। শুক্রবার তিনি জানান, এশিয়ার ফুটবল প্রশাসন ইনফান্তিনোর পাশে ঐক্যবদ্ধ রয়েছে।
নিজের প্রতি আন্তর্জাতিক সমর্থনের কথা তুলে ধরে ইনফান্তিনো জানান, সম্প্রতি টোকিও সফরে এএফসির কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি। এ ছাড়া কেপ ভার্দে সফরে আফ্রিকার দেশগুলোর সমর্থনও পেয়েছেন বলে দাবি করেন ফিফা সভাপতি। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফুটবল সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
রিয়ালের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার সুযোগ বার্সেলোনার ৪ ঘণ্টা আগে
তবে এফএফই প্রস্তাব নিয়ে বিতর্কের সময় পরিস্থিতি ভিন্ন ছিল। তখন এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সঙ্গে মিলে প্রস্তাবটির সমালোচনা করেছিল। পরবর্তী সময়ে এএফসির অবস্থান পরিবর্তন এবং কনকাকাফের মধ্যে মতপার্থক্য দেখা দেওয়ায় এই ইস্যুতে ইউরোপীয় পক্ষ ক্রমেই একা হয়ে পড়েছে।
আরও পড়ুন
আইপিএলে খেলা নিয়ে ধোনির ইঙ্গিত, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ ৫ ঘণ্টা আগে
গত সপ্তাহে জুরিখে ফিফা কাউন্সিলের বৈঠকে এফএফই প্রস্তাব যেভাবে পরিচালনা করা হয়েছিল, সে বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইনফান্তিনো। তবে তার এই পদক্ষেপেও জার্মানি ও ইংল্যান্ডের মতো ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর অসন্তোষ পুরোপুরি দূর হয়নি।
৫৬ বছর বয়সি ইনফান্তিনো স্বীকার করেন, সব পক্ষের মতামতকে এক জায়গায় নিয়ে আসা সব সময় সহজ নয়। তবে মতভিন্নতা থাকলেও সবাইকে সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেকের বক্তব্যের প্রতি সম্মান দেখাতে হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন
পালমারের প্রথম লাল কার্ড, চেলসিকে হারিয়ে দীর্ঘ খরা কাটাল টটেনহাম ৬ ঘণ্টা আগে
২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে প্রার্থী হতে পারেন ইনফান্তিনো। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।
ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষমতা সদস্য সংস্থাগুলোর হাতেই থাকবে বলে জানিয়েছেন ইনফান্তিনো। কে সভাপতি হবেন এবং সংস্থাটি কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত সদস্যরাই নেবেন বলে উল্লেখ করেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।