https://newsbdc.com/national/mw56zpes6e
বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ-রাশিয়া
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে উভয় দেশ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশনের মধ্যে ‘বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশন (আইজিসি)’-এর পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।
আইজিসির কো-চেয়ার হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অন্যদিকে, রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।
আরও পড়ুন
আগামীকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দিনভর থাকছে নানা কর্মসূচি ১ ঘণ্টা আগে
সভায় উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্মূল্যায়নে কমিটির নেতৃত্বে আমির খসরু ১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ২০১৭ সালে বাংলাদেশ সরকার ও রুশ ফেডারেশনের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে ‘বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশন (আইজিসি)’ গঠিত হয়। কমিশন গঠনের পর থেকে প্রটোকল অনুযায়ী এ পর্যন্ত চারটি সভা অনুষ্ঠিত হয়েছে। এবার পঞ্চম সভাটি ঢাকায় অনুষ্ঠিত হলো।
সভায় চলমান দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে ভবিষ্যৎ অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
পঞ্চম আইজিসি সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও কারিগরি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
আরও পড়ুন
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের বিপ্লব ছিল ঐতিহাসিক: প্রধানমন্ত্রী ১ ঘণ্টা আগে
রাশিয়ার পক্ষ থেকে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অর্থ ও ব্যাংকিং এবং সংস্কৃতি ও ক্রীড়া খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি ও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি শিল্প ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং গবেষণায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন
সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার ১ ঘণ্টা আগে
আলোচনায় উভয় পক্ষের আগ্রহের বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়। পরে দুই পক্ষের সম্মতিতে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং রুশ ফেডারেশনের পক্ষে ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ যৌথভাবে প্রটোকলটিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।