https://newsbdc.com/national/mwyv20l8sq
অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চার জাহাজের তিনটি হবে ভাসমান হাসপাতাল
দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চারটি যাত্রীবাহী জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। হাওর, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি একটি জাহাজ সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য রাখা হতে পারে।
নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চারটি জাহাজের মধ্যে দুটি এমভি রূপসা ও এমভি সুগন্ধা। ৬৮ কোটি টাকা ব্যয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে কেনা এ জাহাজ দুটি গত ফেব্রুয়ারিতে বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হয়। তবে যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ মাস ধরে সেগুলো সদরঘাটের বাদামতলী ঘাটে পড়ে রয়েছে।
অন্যদিকে, এমভি বাঙালি ও এমভি মধুমতি নামের আরও দুটি জাহাজ দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। ২০১৪ ও ২০১৫ সালে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে ৫৪ কোটি টাকা ব্যয়ে জাহাজ দুটি কেনা হয়েছিল। সব মিলিয়ে চারটি জাহাজ কিনতে ব্যয় হয়েছে ১২২ কোটি টাকা।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে
তিন ধরনের বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা
গত ১৭ নভেম্বর সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজগুলোর বিকল্প ব্যবহার নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
বৈঠকে তিনটি জাহাজকে বিশেষায়িত ভাসমান হাসপাতালে রূপান্তরের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী, একটি জাহাজে চক্ষুচিকিৎসা, অন্যটিতে মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং তৃতীয়টিতে অর্থোপেডিক সার্জারির ব্যবস্থা রাখা হতে পারে। প্রতিটি হাসপাতালে সংশ্লিষ্ট বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি মেডিসিন বিভাগের চিকিৎসকও থাকবেন।
আরও পড়ুন
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে
সভায় আরও আলোচনা হয়, হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য জাহাজের মূল কাঠামোতে বড় ধরনের পরিবর্তন করা হবে না। প্রয়োজন অনুযায়ী খালি জায়গায় পার্টিশন দিয়ে কক্ষ তৈরি করা যেতে পারে। রোগীদের ওঠানামার সুবিধায় একটি সিঁড়ি র্যাম্পে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া চিকিৎসক ও নার্সদের আবাসন, খাবার, স্যানিটেশন এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সেবাগ্রহীতাদের কাছ থেকে ন্যূনতম ফি নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বাস্তবায়নে রয়েছে নানা চ্যালেঞ্জ
ভাসমান হাসপাতাল চালুর ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে। প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনে চিকিৎসক ও নার্সদের আগ্রহ, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা, বেতন-ভাতা এবং জাহাজ পরিচালনার জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে
এ ছাড়া জাহাজগুলোকে হাসপাতালে রূপান্তরের মোট ব্যয় এবং কোন কোন এলাকায় হাসপাতালগুলো পরিচালিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার সম্ভাব্য ব্যয় নির্ধারণের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
নৌপরিবহন সচিব আতাউর রহমান খান বলেন, জাহাজগুলো দীর্ঘদিন এভাবে পড়ে থাকতে পারে না। এগুলোকে বিকল্প কাজে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে জাহাজ সরবরাহের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়ের হলেও চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। কোন তিনটি জাহাজ হাসপাতালে রূপান্তর করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী জানান, জাহাজগুলো অলস পড়ে রয়েছে। সাধারণ মানুষকে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিতে এগুলোকে ভাসমান হাসপাতালে রূপান্তরের চেষ্টা চলছে।
আরও পড়ুন
দাড়ি-টুপি দেখেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে
তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর যাত্রীদের কাছে নৌপথের আকর্ষণ কমেছে। মানুষ এখন সড়কপথে বেশি চলাচল করায় জাহাজের আয়ও কমে গেছে। এ কারণে অব্যবহৃত জাহাজগুলো বিকল্প উপায়ে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
জাহাজ কেনায় বিলম্ব, ব্যবহারেও অনিশ্চয়তা
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য দুটি নতুন জাহাজ কিনতে ২০১৫ সালে ওয়েস্টার্ন মেরিনের সঙ্গে ৬৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। ২০১৮ সালের মধ্যে জাহাজ দুটি সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা দেওয়া সম্ভব হয়নি। দীর্ঘ যোগাযোগ ও চিঠি চালাচালির পর চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জাহাজ দুটি বুঝে পায় বিআইডব্লিউটিসি।
আরও পড়ুন
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ভালো থাকবে, দাম স্থিতিশীল নিয়ে আশাবাদী সরকার ৯ ঘণ্টা আগে
জাহাজ দুটির আগের নাম ছিল বঙ্গতরী ও বঙ্গমাতা। বর্তমান সরকার নাম পরিবর্তন করে এমভি রূপসা ও এমভি সুগন্ধা রাখে। পরে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দিয়ে কয়েক দিন পরিচালনার চেষ্টা করা হলেও ইঞ্জিনসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেগুলো মেরামতের পরও জাহাজ দুটি নিয়মিত চলাচলে ফেরেনি।
গত ২১ নভেম্বর সদরঘাটের বাদামতলী ঘাটে গিয়ে এমভি রূপসা ও এমভি সুগন্ধাকে অব্যবহৃত অবস্থায় দেখা যায়। জাহাজ দুটিতে যাত্রীদের বসার চেয়ার, ডাইনিং টেবিলের আসবাব, ভিআইপি কেবিনসহ বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নতুন আসবাবেও ধুলা জমেছে।
এদিকে এমভি মধুমতি জাহাজটিও ঘাটে পড়ে থাকতে দেখা গেছে। এমভি বাঙালিকে মেরামতের জন্য নারায়ণগঞ্জের একটি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাহাজগুলোর দেখভালের দায়িত্বে থাকা সাবের হোসেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।