https://newsbdc.com/national/mwzpsr20v7
পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তান জাতীয় ফুটবল দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। জার্সিটিতে পাকিস্তান জাতীয় দলে তার সাবেক সতীর্থদের স্বাক্ষর রয়েছে।
জানা গেছে, ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন হাফিজ উদ্দিন আহমদ। সে সময় পূর্ব পাকিস্তানের খেলোয়াড় হিসেবে নানা বৈষম্যের মধ্যেও জাতীয় দলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মিনিট আগে
দীর্ঘ সময় পর পাকিস্তান জাতীয় দলের সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ হয় তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তার হাতে স্মারক জার্সিটি তুলে দেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হয়। পরে পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।
আরও পড়ুন
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন ১ ঘণ্টা আগে
ফুটবলার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ার। স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। স্বাধীনতা-পরবর্তী সময়ে ঢাকার মাঠে প্রথম ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্বও রয়েছে তার।
খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য ছিলেন তিনি। ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ ফিফার পদকও পেয়েছেন বাংলাদেশের এই সাবেক ফুটবল ব্যক্তিত্ব।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।