https://newsbdc.com/sara-desh/mvg6fkspvs
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩২
নাটোরের বনপাড়ায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন
পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ১২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে নয়জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। সে সময় তিনি অন্তত ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন
গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ১৫ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হয়েছিল।
দুর্ঘটনার পর সড়কের ওপর বাস ও ট্রাক পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।