https://newsbdc.com/sports/mwkb3a8cfx
জাপানের কাছে হারের পর আনচেলত্তিকে নিয়ে প্রশ্ন, ব্রাজিলের সমর্থকদের আস্থা কি কমছে?
বিশেষ করে জাপানের কাছে হারের পর আনচেলত্তির ওপর সমর্থকদের আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় এবং নতুন চক্রের শুরুতে প্রীতি ম্যাচগুলোতে মিশ্র পারফরম্যান্সের পর জাপানের কাছে হার ব্রাজিলের সমর্থকদের হতাশা আরও বাড়িয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই ম্যাচের পর সাবেক ফুটবলার ও সিনেটর রোমারিও প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ।
আরও পড়ুন
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ১১ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) উদ্দেশ করে তিনি বলেন, ‘আনচেলত্তিকে বরখাস্ত করো! জাতীয় দলের জার্সি নিয়ে তামাশা করা যায় না। আমরা আরেকটি বিশ্বকাপ হারানোর ঝুঁকি নিতে পারি না।’
রোমারিওর মন্তব্যের প্রভাব সমর্থকদের মধ্যেও পড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, শনি ও রোববার আনচেলত্তিকে নিয়ে সবচেয়ে বেশি খোঁজা ১০টি বিষয়ের মধ্যে চারটি ছিল তার সম্ভাব্য বরখাস্ত হওয়া নিয়ে। সপ্তাহের শেষ দিনে তাকে ঘিরে আলোচিত ১০টি বিষয়ের আটটিই ছিল ছাঁটাইয়ের প্রসঙ্গে। প্রায় এক বছর পাঁচ মাস আগে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এটিকে তার জনপ্রিয়তার সবচেয়ে নিম্নমুখী সময় হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত ১২ ঘণ্টা আগে
ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২১টি ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। এর মধ্যে জয় পেয়েছেন ১২টিতে, ড্র করেছেন চারটি এবং হেরেছেন পাঁচটিতে। তার জয়ের হার ৬৩ দশমিক ৫ শতাংশ। এই হার সাম্প্রতিক কয়েকজন কোচের চেয়ে বেশি হলেও সাবেক কোচ তিতের তুলনায় অনেক কম। তিতের অধীনে ৮১ ম্যাচে ব্রাজিলের জয়ের হার ছিল ৮০ দশমিক ২ শতাংশ। অন্যদিকে ডরিভাল জুনিয়রের অধীনে ১৬ ম্যাচে জয়ের হার ছিল ৫৮ দশমিক ৩ শতাংশ এবং ফার্নান্দো দিনিজের অধীনে ছয় ম্যাচে ৩৮ দশমিক ৮ শতাংশ।
ক্লাব পর্যায়ের সাম্প্রতিক রেকর্ডের সঙ্গেও তুলনা করা হচ্ছে আনচেলত্তির বর্তমান সময়কে। গত এক দশকে এভারটনে তার প্রথম ২১ ম্যাচে পয়েন্ট অর্জনের হার ছিল ৪৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নাপোলিতে ৬৯ দশমিক ৮৪, বায়ার্ন মিউনিখে ৭৬ দশমিক ২ এবং রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ৭৯ দশমিক ৩ শতাংশ ছিল তার পয়েন্ট অর্জনের হার।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
তবে জাতীয় দল ও ক্লাব ফুটবলের বাস্তবতা এক নয়। ক্লাবের নিয়মিত অনুশীলন ও ম্যাচের সুযোগ জাতীয় দলে থাকে না। এই পার্থক্য আনচেলত্তির জন্যও নতুন অভিজ্ঞতা। কোচ অবশ্য বরাবরই বলে আসছেন, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে তার প্রধান লক্ষ্য তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করা এবং জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাইয়ের পরিসর বাড়ানো।
আরও পড়ুন
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান ২০ নভেম্বর ২০২৬
তবু মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব সমর্থকদের অসন্তোষ বাড়িয়েছে। সেনেগাল, দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপে জাপানের বিপক্ষে জয় ব্রাজিলের সমর্থকদের মনে আশার সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তী ম্যাচগুলোর পারফরম্যান্স সেই প্রত্যাশা ধরে রাখতে পারেনি।
কৌশলগত দিক থেকেও আনচেলত্তির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। দায়িত্বের প্রথম বছরে দুই মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড নিয়ে খেলার কৌশল নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে সেই কৌশল প্রত্যাশিত ফল না দিলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও একই পদ্ধতি বজায় রাখেন।
আরও পড়ুন
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ২০ নভেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরির প্রচেষ্টাও কার্যকর হয়নি। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি দলটি।
এবার মঙ্গলবার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে দলের পারফরম্যান্স এবং আনচেলত্তির কৌশল সমর্থকদের আস্থা ফেরাতে কতটা ভূমিকা রাখে, সেটিই দেখার বিষয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।