https://newsbdc.com/sports/mwou4hhna2
‘ল্যাপটপ-পাওয়ার ক্যাবল নিয়েই মাঠে আসুন’, দর্শকদের রাবাদার আহ্বান
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তারকা ক্রিকেটারের অভাব নেই। দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও। তবু ঘরের মাঠে টেস্ট ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহ কমছে। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টেও দেখা গেছে দর্শকখরা। বিষয়টি ভাবিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদাকে। দর্শকদের মাঠে ফেরাতে তাই দিয়েছেন অভিনব পরামর্শ—অফিসের কাজ থাকলে ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল সঙ্গে নিয়েই স্টেডিয়ামে চলে আসুন।
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন লুঙ্গি এনগিডি, নেতৃত্বে মহারাজ ২০ নভেম্বর ২০২৬
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন রাবাদা। নিয়েছেন ৮ উইকেট, পাশাপাশি প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ারসেরা ৭২ রান। তবে দলের এমন দাপুটে জয়ের পরও গ্যালারির ফাঁকা আসনগুলো তাঁর নজর এড়ায়নি।
জোহানেসবার্গ টেস্টের পাঁচ দিনে সব মিলিয়ে মাঠে এসেছিলেন ২৩ হাজার ৫০০ দর্শক। প্রায় ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম দিন উপস্থিত ছিলেন প্রায় ৯ হাজার দর্শক। পরের দিনগুলোতে গড়ে দর্শকসংখ্যা ছিল মাত্র ২ হাজারের মতো। রাবাদার মতে, দর্শক কম থাকায় মাঠের পরিবেশেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ২০ নভেম্বর ২০২৬
দর্শকদের মাঠে আসার আহ্বান জানিয়ে রাবাদা বলেন, ‘আমি জানি এখন মানুষের কাজের অনেক চাপ। সামনেই সবাই বোনাস পাবে, গ্রীষ্মকালও চলে আসবে। আমার মনে হয় তখন আবার গ্যালারি দর্শকে ভরে উঠবে। তবে আজকাল তো অনেকেই স্টেডিয়ামে বসে অফিসের কাজ করেন। তাই আমি বলব, আপনারা ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে চলে আসুন।’
রাবাদার মতে, গ্যালারিতে দর্শক থাকলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়। দর্শক কম থাকলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তেও প্রত্যাশিত আবহ পাওয়া যায় না।
আরও পড়ুন
নো বলের পরিসংখ্যানে শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে। কর্মদিবসে শুরু হতে যাওয়া এই ম্যাচে দর্শকসংখ্যা বাড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।