https://newsbdc.com/environment/mw1rvx7fs5
প্যারিসে যাওয়ার সামর্থ্য ছিল না, গৌরীকে নিয়ে দার্জিলিংয়েই হানিমুন করেছিলেন শাহরুখ
বলিউডের বাদশাহ শাহরুখ খান ও গৌরী খানের প্রেমকাহিনি যেন রূপকথার গল্প। আজ বিশ্বজুড়ে পরিচিত এই তারকা দম্পতির জীবনের শুরুটা ছিল বেশ সাধারণ। ১৯৯১ সালে বিয়ের পর আর্থিক সংকটের মধ্যেই সংসার শুরু করেছিলেন তারা। তবে নববধূকে দেওয়া কথা রাখতে নিজের সামর্থ্যের মধ্যেই খুঁজে নিয়েছিলেন ভালোবাসার বিশেষ ঠিকানা।
বিয়ের পর গৌরীকে মধুচন্দ্রিমায় প্যারিস ঘুরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ। কিন্তু তখনো বলিউডে নিজের অবস্থান তৈরি করতে পারেননি তিনি। প্যারিস যাওয়ার জন্য দুজনের বিমানের টিকিট কেনার মতো অর্থও ছিল না তার কাছে।
আরও পড়ুন
স্টার ট্রেক ও এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই ৩০ অক্টোবর ২০২৬
এমন সময় ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান শাহরুখ। সিনেমাটির একটি গানের শুটিংয়ের জন্য দার্জিলিংকে বেছে নেওয়া হলে গৌরীকে সঙ্গে নিয়ে সেখানে চলে যান তিনি। পাহাড়ের কুয়াশায় ঘেরা সৌন্দর্য দেখিয়ে গৌরীকে বলেছিলেন, ‘এটাই আমাদের প্যারিস।’
সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে দার্জিলিংয়ের ঐতিহাসিক হোটেল ‘দ্য এলগিন’-এর নাম। জানা যায়, শাহরুখ ও গৌরী সেখানে রাত কাটিয়েছিলেন। পাহাড়ি পরিবেশ ও ঔপনিবেশিক আমলের স্থাপত্যের জন্য পরিচিত হোটেলটি এখনো পর্যটকদের আকর্ষণ করে।
হোটেলটিতে রয়েছে ২৫টি ডিলাক্স রুম ও স্যুট। পাশাপাশি রয়েছে তিনটি রেস্তোরাঁ—‘অর্কিড ডাইনিং রুম’, ‘টি লাউঞ্জ অ্যান্ড টিম্বার বার’ এবং ‘গার্ডেন গাজেবো’। পর্যটন মৌসুমে এখানে এক রাতের ভাড়া ১২ হাজার টাকা থেকে শুরু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এআই কখনো মানুষের সৃজনশীলতার বিকল্প হতে পারবে না: রণবীর ৪ মিনিট আগে
হোটেলটির ইতিহাসও বেশ পুরোনো। ১৮৮৭ সালে সেখানে কোচবিহারের মহারাজার প্রাসাদ ছিল বলে জানা যায়। পরে ১৯৬৯ সালে ওবেরয় পরিবারের কেসি ওবেরয় হোটেলটি কিনে নেন।
শাহরুখ-গৌরী ছাড়াও এই ঐতিহাসিক হোটেলে আতিথেয়তা নিয়েছেন ফরাসি লেখক ডমিনিক লাপিয়ের, সাংবাদিক মার্ক টালি এবং মডেল-অভিনেতা মিলিন্দ সোমনের মতো পরিচিত ব্যক্তিরা।
আরও পড়ুন
আইন পেশা ছেড়ে অভিনয়ে আসায় আফসোস নেই সিয়াম আহমেদের ১ ঘণ্টা আগে
প্যারিসে যাওয়ার সামর্থ্য না থাকলেও দার্জিলিংয়ের পাহাড়ে গৌরীর সঙ্গে কাটানো সেই সময় শাহরুখের জীবনের এক স্মরণীয় প্রেমের গল্প হয়ে রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।